ওপেনএআই মালিকানাধীন চ্যাটবট চ্যাটজিপিটি © সংগৃহীত
বিশ্বজুড়ে কৃত্রিম বুুুদ্ধিমত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই এবার বড় ঘোষণা দিলেন এআই চ্যাটবট চ্যাটজিপিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চলতি বছরে শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়বে না ওপেনএআই। বিশ্বব্যাপী চলমান এআই নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের
ব্যাবসাবিষয়ক সাময়িকী ফরচুনের সঙ্গে এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, এআইয়ের নিরাপত্তা নিয়ে বর্তমান পরিস্থিতিতে ওপেনএআইয়ের আইপিওতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ওপর কোনো চাপও নেই।
এআইয়ের কারণে চলতি দশকের শেষ নাগাদ মানবজাতির বিলুপ্তির ১০ শতাংশ ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে অল্টম্যান বলেন, এ ধরনের হিসাব কীভাবে করা সম্ভব, তা তিনি জানেন না। তবে এআইয়ের ঝুঁকি এতটাই গুরুতর যে প্রতিষ্ঠান ও সরকারগুলোকে এটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—এমন ঝুঁকি হিসেবে বিবেচনা করে কাজ করা উচিত।
অল্টম্যান বলেন, ‘এটা ১০ শতাংশ হোক, আট শতাংশ হোক বা ছয় শতাংশ—মূল বিষয় হলো, আমাদের সবারই বিপুল দায়িত্ব রয়েছে। যশ বা খ্যাতি, মুনাফার প্রণোদনা কিংবা অন্য কোনো বিষয়কে সেই দায়িত্ব পালনের পথে বাধা হতে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের এমনভাবে কাজ করতে হবে, যাতে আমরা ওই সংখ্যাগুলোর কোনো ঝুঁকিই না নিই। আমি বিশ্বাস করি, আমরা তা করতে পারি।’
এর আগে জুনে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রায় এক ট্রিলিয়ন ডলার মূল্যায়নের সম্ভাব্য আইপিও আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ওপেনএআই।
চলতি বছরের পরিবর্তে ২০২৭ সালে আইপিও করার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে অল্টম্যান বলেন, ‘আমি বলব, ২০২৬ নয়। নিরাপত্তা ও অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এই মুহূর্তে যা প্রয়োজন, তা পূরণ করা এবং শিল্পখাত ও সরকারগুলো কীভাবে একসঙ্গে কাজ করতে পারে—এসব নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে।’
বিশ্বজুড়ে এআই এজেন্টের ব্যবহারের পাশাপাশি বাড়ছেএআই এজেন্টের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বাইরের সিস্টেমে হ্যাকিংয়ের মতো কর্মকাণ্ড। তাই এ প্রযুক্তির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এআই নিরাপত্তা গবেষকদের চাকরি ছাড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের রাজনীতিকরাই এআই নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই শনিবার এআই উন্নয়নের গতি কমিয়ে আরও সতর্কতার সঙ্গে এগোনোর আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘এআই মডেলের সক্ষমতা বাড়ানোর গতি আমাদের অবশ্যই কমাতে হবে।’
পরে অল্টম্যানও আমোদেইয়ের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি লেখেন, ‘এআইয়ের উন্নয়নের গতি আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে—দারিওর সঙ্গে আমি একমত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওপেনএআইয়ে আমাদের আলোচনার অন্যতম প্রধান বিষয় এটি।’
তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও অ্যানথ্রপিকের নিজস্ব আইপিও পরিকল্পনায় এর প্রভাব পড়েনি। রয়টার্সের চলতি মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি অক্টোবরের মাঝামাঝি সময়ের আগে আইপিওর বিপণন শুরু করতে পারে এবং নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কয়েক দিন আগে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।