হোয়াটসঅ্যাপ © সংগৃহীত
হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন কেউ যুক্ত হলেই শুরু হয় বড় এক ঝামেলা। আগের আলোচনার বিষয় বোঝাতে একের পর এক মেসেজ ফরওয়ার্ড করতে হয়, নয়তো পুরনো কথার স্ক্রিনশট পাঠাতে হয়। তবে এই দীর্ঘদিনের ঝামেলা থেকে এবার মুক্তি মিলছে। ব্যবহারকারীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে বহু প্রতীক্ষিত এক নতুন ফিচার ‘গ্রুপ মেসেজ হিস্টোরি’ (Group Message History)।
এই নতুন ফিচারের মাধ্যমে এখন নতুন কোনো সদস্য গ্রুপে যুক্ত হলেই তাকে আগের চ্যাট সরাসরি পড়ার সুযোগ দেওয়া যাবে। ফলে বারবার স্ক্রিনশট কিংবা ফরওয়ার্ড করার প্রয়োজন পড়বে না।
এক ক্লিকেই ২৫ থেকে ১০০ বার্তা
নতুন কাউকে যোগ করার সময় এক ক্লিকেই তার সঙ্গে আগের ২৫টি থেকে সর্বোচ্চ ১০০টি সাম্প্রতিক মেসেজ শেয়ার করা যাবে। এতে নতুন ব্যক্তি সহজেই বুঝতে পারবেন গ্রুপে ঠিক কী নিয়ে আলোচনা চলছিল।
এডমিনের পূর্ণ নিয়ন্ত্রণ: ফিচারটি ব্যবহার করা একেবারেই ঐচ্ছিক। গ্রুপ এডমিন চাইলে যেকোনো সময় এটি বন্ধ করে রাখতে পারবেন।
গ্রুপের সবাই জানতে পারবেন: গোপনীয়তা ও স্বচ্ছতা বজায় রাখতে, নতুন সদস্যকে পুরোনো মেসেজ পাঠানো হলে গ্রুপের বাকি সবাই তার নোটিফিকেশন দেখতে পাবেন। এছাড়া শেয়ার করা পুরোনো মেসেজগুলোর চেহারা সাধারণ চ্যাটের চেয়ে দেখতে কিছুটা আলাদা হবে, যেখানে নির্দিষ্ট তারিখ ও পাঠকের নামও স্পষ্ট থাকবে।
আরও পড়ুন: কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিডিও কল, যুক্ত হলো নতুন ৫ ফিচার
একই রকম নিরাপত্তা: হোয়াটসঅ্যাপের সাধারণ বার্তার মতোই এই নতুন ফিচারে শেয়ার করা তথ্যও সম্পূর্ণ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ থাকবে। অর্থাৎ প্রেরক ও নতুন সদস্য ছাড়া অন্য কেউ এসব মেসেজ দেখার সুযোগ পাবেন না।
কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?
হোয়াটসঅ্যাপে এই নতুন সুবিধাটি ব্যবহারের নিয়ম অত্যন্ত সহজ। গ্রুপে নতুন কোনো সদস্য যোগ করার সময় মাত্র কয়েকটি ধাপে কাজটি করা যাবে।
ধাপ ১: আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করে যেকোনো নতুন সদস্যকে যুক্ত (Add) করার অপশনে যান।
ধাপ ২: সদস্য যুক্ত করার ঠিক পর মুহূর্তেই স্ক্রিনে একটি নতুন পপ-আপ বা অপশন দেখতে পাবেন, যেখানে ‘Send Message History’ লেখা থাকবে।
ধাপ ৩: সেখানে ক্লিক করে আপনি নির্বাচন করতে পারবেন নতুন সদস্যকে আগের কতটি বার্তা দেখাতে চান (সর্বনিম্ন ২৫টি থেকে সর্বোচ্চ ১০০টি পর্যন্ত মোট বাটন বা স্লাইডার থাকবে)।
ধাপ ৪: সংখ্যাটি সিলেক্ট করে কনফার্ম করলেই নির্ধারিত বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন যুক্ত হওয়া সদস্যের চ্যাটবক্সে চলে যাবে এবং গ্রুপের সবাই তার একটি নোটিফিকেশন পাবেন।
ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় করতে বিশ্বজুড়ে ফিচারটি ধাপে ধাপে চালুর প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিষ্ঠানটি।