সভাপতি ড. মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ডা. মো. উজ্জ্বল হোসেন © টিডিসি ফটো
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি এ কমিটিতে সভাপতি হয়েছেন ড. মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. উজ্জ্বল হোসেন।
কমিটির তালিকা অনুযায়ী, সহ সভাপতি হয়েছেন মো. জোনায়েত ও মো. জহিরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাহিদ হোসেন ও ফাতেমা জাহান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৌমিক মজুমদার এবং কোষাধ্যক্ষ হয়েছেন ডা. ফৌজিয়া বাহার।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. হাফিজুর রহমান বলেন, ‘আমার সম্মানিত সহকর্মীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা, দেশপ্রেম ও জাতীয় দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ সমুন্নত রাখা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্যাদা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে মাননীয় উপাচার্য স্যারের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’
সাধারণ সম্পাদক ডা. মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘শিক্ষকদের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক পরিবেশকে আরও সমৃদ্ধ করা সম্ভব। সাদা দল হবে শিক্ষকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।’
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের নবগঠিত কমিটিকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমার প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একটি আধুনিক, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখতে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১৭ জন শিক্ষক। তারা হলেন- ড. ওয়াহেদা রহমান আনসারী, আনিকা আহমেদ, নিলুফা ইয়াসমিন পলি, সালমা খাতুন, ইসমত জেরিন, ডা. মাহমুদা খাতুন, ডা. শাওলিন ফেরদৌস, ডা. নাজমীন সুলতানা রুনা, ডা. আশরাফি সিদ্দিকা, ইসরাত জাহান হেরিন, ডা. মো. আসাদুজ্জামান লাভলু, ডা. মো. শহীদুল্লাহ, ডা. সোলেমা আক্তার শান্তা, ফাহিমা আক্তার জলি, মাহবুবা আক্তার মিশু, জান্নাতুল ফেরদৌস সিফাত ও জাহরুল জান্নাত পিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সিদ্ধান্তের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নবগঠিত এ সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে।