নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে ডাকা আগামীকাল রোববারের হরতালে বাধা দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।
আজ শনিবার (২৭ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এ ঘোষণা দেন। তাঁরা বলেন, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সরকারকে এর দায় নিতে হবে।
সমাবেশে হেফাজতে ইসলামের মহাসচিব নূরুল ইসলাম বলেন, আগামীকাল (২৮ মার্চ) যদি আমাদের হরতালে বাধা দেয়া হয়, তাহলে এর চেয়েও কঠোর কর্মসূচি দেয়া হবে।
সমাবেশে বক্তারা রোববারের হরতাল সফল করার জন্য যার যার এলাকায় সকাল ৬টা থেকে রাস্তায় অবস্থান নেওয়ার আহবান জানান। তারা বলেন, আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে পারে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেওয়া মাদ্রাসাশিক্ষার্থী, ধর্মভিত্তিক দলের নেতা-কর্মী ও মুসল্লিদের একটি অংশের সঙ্গে পুলিশ, সরকারি দলের ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন। আহত হন শতাধিক।
ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ এবং আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। গতকাল রাত আটটায় পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ ঘোষণা দেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা সোয়া ১১টার দিকে হেফাজতে ইসলামের কয়েক শ নেতা-কর্মী বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের সিঁড়িতে অবস্থান নেন। দুপুর ১২টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।