দেওয়ান ফয়সাল ও স্ত্রী নাসরিন আক্তার মুক্তা © সংগৃহীত
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)। তিনি আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নাসরিনের মৃত্যু হয়। তার বাবার নাম মোস্তফা কামাল।
নাসরিনের স্বামী দেওয়ান ফয়সাল বলেন, ‘আমার স্ত্রী ও তার বান্ধবীরা ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তারা সেখানে বেড়াতে গিয়েছিলেন ও রবিবার তাদের ফিরে আসার কথা ছিল। তার আগেই না ফেরার দেশে চলে গেছে।’ স্ত্রীর মরদেহ আনতে তিনি কক্সবাজার যাচ্ছেন বলেও জানান।
এ বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তিন বান্ধবী উঠেছিল। সকালে সৌভাগ্যবশত তার দুই বান্ধবী কক্ষ থেকে কিছু সময় আগেই বাইরে বের হয়। তবে ওই সময় কক্ষে থাকা নাসরিন আক্তার ভেতরে আটকা পড়ে। এই আকস্মিক অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার পর সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশের পরিচয় নিশ্চিতে কিছুটা সময় লাগতে পারে।