যেকোনো সময় কেন্দ্রীয় কমিটি, এবার কি মূল্যায়ন পাবে রাবি ছাত্রদল?

১৫ আগস্ট ২০২৬, ০৫:২৫ PM
সুলতান আহমেদ রাহী, সরদার জহুরুল ইসলাম, সাকিলুর রহমান সোহাগ ও মাহমুদুল হাসান মিঠু

সুলতান আহমেদ রাহী, সরদার জহুরুল ইসলাম, সাকিলুর রহমান সোহাগ ও মাহমুদুল হাসান মিঠু © সংগৃহীত

বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছে দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকা। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতি থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা। ফলে কেন্দ্রীয় পর্যায়ে নতুন নেতৃত্ব নির্বাচনের সময় বরাবরই আলোচনায় থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি। যেকোনো সময় হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। তবে রাবি শাখা ছাত্রদলের নেতারা মূল্যায়িত হবে না কি বরাবরের মতো বঞ্চিত থেকে যাবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া চলছে। দলীয় সূত্র বলছে, কমিটি গঠনের প্রস্তুতি প্রায় শেষ। যেকোনো সময় ঘোষণা আসতে পারে নতুন কেন্দ্রীয় কমিটির। তবে নতুন কমিটি ঘিরে সংগঠনের ভেতরে যেমন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি রাবি ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও রয়েছে আলাদা আগ্রহ। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও যারা সংগঠনের সঙ্গে ছিলেন, এবার কেন্দ্রীয় নেতৃত্বে তাদের কতটা জায়গা দেওয়া হবে, সেটিই হয়ে উঠেছে বড় প্রশ্ন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে জাতীয় পর্যায়ে উঠে আসার অন্যতম বড় উদাহরণ অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাকসুর সাবেক ভিপি এই নেতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার সময় থেকেই সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। পরবর্তী সময়ে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।

ছাত্রদলের গণ্ডি পেরিয়ে বিএনপির মূল রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন রিজভী। বর্তমানে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক উত্থান রাবি ছাত্রদলের জন্য কেন্দ্রীয় নেতৃত্বে যাওয়ার একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে আছে।

আরও পড়ুন: অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন আরও বেশ কয়েকজন নেতা। তাদের কেউ কেউ বিএনপির বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, রাবি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন প্রায় ৮-৯ জন নেতা বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে রাবি ছাত্রদলকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছেন সংগঠনটির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কমিটিতে অন্যদেরও জায়গা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতাদের কেন্দ্রীয় পর্যায়ে উঠে আসার দৃষ্টান্ত শুধু ছাত্রদলের মধ্যেই সীমাবদ্ধ নয়। অন্যান্য ছাত্রসংগঠনেও রাবির সাবেক ও বর্তমান নেতাদের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পাওয়ার নজির রয়েছে। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক নেতা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় কমিটিতেও রাবি শাখা থেকে পাঁচজন নেতা জায়গা পেয়েছেন বলে জানা গেছে। তবে ছাত্রদলের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রত্যাশা ও আক্ষেপ—দুই-ই রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ ছাড়া বাম সংগঠনগুলোতেও মূল্যায়িত হয়েছে রাবি শাখার নেতারা। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত এক দশকের বেশি সময় ধরে ক্যাম্পাসে রাজনৈতিকভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাবি শাখা ছাত্রদল কার্যক্রম চালিয়ে গেছেন। বিভিন্ন সময়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হামলার ঘটনা ঘটেছে বলে সূত্র জানিয়েছে। শাখা ছাত্রদলের একাধিক নেতা বলেন, এত দীর্ঘ সময় ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরও কেন্দ্রীয় নেতৃত্বে রাবি ছাত্রদলের নেতাদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তবে নেতাকর্মীদের প্রত্যাশা, এবার কেন্দ্রীয় কমিটি গঠনের সময় শুধু সাংগঠনিক পদ নয়, মাঠের রাজনীতিতে সক্রিয়তা, ত্যাগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা বিবেচনায় নেওয়া হবে।

আরও পড়ুন: শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

নতুন কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কারা জায়গা পেতে পারেন, তা নিয়ে ইতোমধ্যে সংগঠনের ভেতরে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্যদের তালিকায় রয়েছেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সাকিলুর রহমান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু। এ ছাড়া আরও কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে। উপর্যুক্ত সব নেতাই ফ্যাসিবাদ আমলে জেল-জুলুম-নির্যাতন, হামলা-মামলার শিকার হয়েছেন বলেন জানা গেছে। 

সংগঠনের নেতাকর্মীদের একাংশ মনে করছেন, বর্তমান কমিটিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাদের কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বে বিবেচনায় নেবেন সংগঠন। তবে কার ভাগ্যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় পদ জুটবে, তা নির্ভর করছে দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তের ওপর।

রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাকিলুর রহমান সোহাগ বলেন, ‘আমাদের রাবি ছাত্রদলের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ার বিষয়ে আমরা খুবই আশাবাদী। কেন্দ্রীয় পর্যায় থেকেও আমরা এ বিষয়ে ইতিবাচক কিছু বক্তব্য পেয়েছি। আমরাও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছি। আল্লাহর ওপর ভরসা রেখে আমরা আশাবাদী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্তত এই শীর্ষ দুই নেতাকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় ফ্যাসিবাদের বন্দুকের নলের ডগায় থেকেও রাজনীতি করে এসেছি। আশা করি, কেন্দ্রীয় কমিটিতে তাদের সঙ্গে আমাদেরও সহাবস্থান নিশ্চিত হবে। আমরা প্রত্যাশা করি, আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা ও ত্যাগের বিষয়টি বিবেচনা করে কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’

জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম দিন থেকেই ছিলাম। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের ডাকে রাজশাহী থেকে ঢাকায় আন্দোলনে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছি। এমন কোনো জুলুম নির্যাতন নেই, যা আমাদের ওপর করা হয়নি। দলের হয়ে আরও কাজ করে যেতে চাই। সেই দিক থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদপত্যাশা থাকাটাই স্বাভাবিক।’

আরও পড়ুন: কোডিং ও ব্যবসায়িক কাজের জন্য জেমিনির নতুন মডেল উন্মোচন করলো গুগল

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিগত ১৭ বছর ধরে নেতৃত্বের দায়িত্ব পালন করেছি। যে সময়ে ছাত্রদল করার অপরাধে মানুষকে জীবন দিতে হতো, সে সময়ও আমরা দায়িত্ব পালন করেছি এবং সফলতার সঙ্গে সেই দায়িত্ব সম্পন্ন করতে পেরেছি। আমাদের যে এজেন্ডা নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল—খুনি হাসিনার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করা—সেই আন্দোলনে আমরা শতভাগ সফল হয়েছি। আমরা বিশ্বাস করি, আন্দোলনের পরবর্তী সময়েও আমরা সততার সঙ্গে রাজনীতি করেছি। এখন পর্যন্ত আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার লক্ষ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতার রাজনীতি করে যাচ্ছি। আশা করছি, জাতীয়তাবাদী ছাত্রদলের যে কমিটি গঠিত হবে, সেখানে রাবি শাখা ছাত্রদলের নেতাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে এবং তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে রাবি শাখাকে মূল্যায়ন করা হবে কি না–জানতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে একাধিকবার কল দিয়েও তার সাড়া পাওয়া যায়নি।

এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ
  • ১৫ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নিটল-নিলয় গ্রুপ নিয়োগ দেবে ৪ জেলায়, আবেদন ১১ …
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ করবেন কারা?
  • ১৫ আগস্ট ২০২৬
এসএ গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন ১১ সে…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছাড়াল, বাকি আরও দুদিন
  • ১৫ আগস্ট ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের খণ্ডকালীন নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ আগস্ট ২০২৬