ভূগোল শিক্ষক পড়াচ্ছেন কর্মশিক্ষা © সংগৃহীত
ভারতের মুর্শিদাবাদের একটি স্কুলে নিয়োগপত্রে যিনি ‘ভূগোলের শিক্ষক’, তিনি ওই একই স্কুলে কর্মশিক্ষার শিক্ষক হিসেবে কাজ করছেন। এছাড়াও মরার উপর খাড়ার ঘা হল তার নিয়োগপত্রের মেমো নম্বরে অন্য এক প্রার্থীকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে। এই বিতর্কিত নিয়োগপত্র নিয়ে অনিমেষ যে-স্কুলে শিক্ষকতা করছেন, তার প্রধান শিক্ষক আবার অনিমেষেরই বাবা।
কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসের একটি মামলায় অনিমেষের চাকরি সংক্রান্ত এমন নথি প্রকাশের পরে প্রশ্নের মুখে পড়েছে তাঁর চাকরির বৈধতা।
কোর্ট সূত্রের জানা যায়, অনিমেষ ওই স্কুলে কর্মশিক্ষার শিক্ষক হিসেবে কর্মরত। কিন্তু তাঁর নিয়োগের সুপারিশপত্র ও নিয়োগপত্রে তাকে ভূগোলের শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূগোলের শিক্ষক কী করে কর্মশিক্ষার শিক্ষক হলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: ১৩শ’ শিক্ষার্থীর পাঠদান ১১ কক্ষে
কর্মশিক্ষার চাকরিপ্রার্থী সোমা রায় এই মামলার আবেদন করেন। এ দিন তাঁর আইনজীবী ফিরদৌস শামিম কোর্টে অভিযোগ করেন, ভুয়ো নিয়োগপত্র নিয়ে অনিমেষ ২০১৯ থেকে বেতন নিচ্ছেন। তা শুনে বিচারপতি বসু বলেন, ‘আপনি বেতনের কথা ভাবছেন। আমি ওই স্কুলের পড়ুয়াদের কথা ভাবছি।’
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিচারপতি বসু নির্দেশ দিয়েছেন, অনিমেষের চাকরির সব নথি জেলা স্কুল পরিদর্শক সংশ্লিষ্ট স্কুলের (অনিমেষের কর্মস্থল) প্রধান শিক্ষকের কাছ থেকে বাজেয়াপ্ত করে নিজের হেফাজতে রাখবেন। সেই নথি পরীক্ষা করে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন কোর্টে রিপোর্ট দেবে। জেলা স্কুল পরিদর্শকও চাকরির নথি কোর্টে জমা দেবেন। ১০ জানুয়ারির মধ্যে অনিমেষ এবং সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, তথা অনিমেষের বাবাকে হলফনামা দিতে হবে। ১৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।
অনিমেষ বলেন, ‘এসএসসি-র কাছেই তো আমার পরীক্ষার উত্তরপত্র জমা আছে। তার ভিত্তিতে ওরা নির্দিষ্ট মেমোয় আমাকে চিঠি দিয়েছে। সেই চিঠির ভিত্তিতে আমি স্কুলে যোগ দিয়েছি। এটার মধ্যে কোনও জালিয়াতি আছে কি না, তা এসএসসি-ই বলতে পারবে। হাই কোর্টের কাছে খাতা জমা দিক তারা। তবে আমার কাছে যে-সব নথি রয়েছে, সবই অরিজিনাল। কোর্ট চাইলে অবশ্যই সেগুলি জমা দেব।’