রাতে প্রতিমন্ত্রীর সঙ্গে বসছেন প্রাথমিক শিক্ষক নেতারা

৩১ অক্টোবর ২০১৯, ০২:৪৬ PM

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদিরের সঙ্গে বৈঠক করবেন চাকরির গ্রেড পরিবর্তনের দাবিতে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের নেতারা। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রী শিক্ষক নেতাদের সঙ্গে বসবেন বলে জানা গেছে।

প্রধান শিক্ষকের পদ ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকের পদ ১১তম করার দাবিতে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র এবং সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. বদরুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো জাকির হোসেন এবং এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির আমাদেরকে ডেকেছেন। সেখানে আমাদের দাবিগুলো তুলে ধরব। পাশাপাশি মন্ত্রী কি বলেন তা শুনব।

তিনি জানান, মূলত কয়েকটি দাবি তারা আলোচনায় তুলে ধরবেন। সেগুলো হলো, শোকজ করা প্রতিটি শিক্ষকের শোকজ প্রত্যাহার, পুলিশি হয়রানির সঙ্গে জড়িতদের শাস্তি, আগে জানানো সকল দাবি মেনে নেয়া ইত্যাদি।

এর আগে সরকারি নির্দেশনা উপেক্ষা করে গত ২৩ অক্টোবরের মহাসমাবেশে যোগ দেয়ায় প্রাথমিকের ২৭ শতাধিক শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে যশোরের দুই উপজেলায় ১৮শ’ এবং সাতক্ষীরার এক উপজেলায় ৯শ’ শিক্ষক আছেন বলে জানান বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র বদরুল আলম। এছাড়া তাকে ও তার প্রতিষ্ঠান ঢাকার উত্তরার ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন এবং কোতোয়ালি থানার ১৪ জনকে একইভাবে শোকজ করা হয়েছে। সূত্রাপুরের একজনকেও শোকজ করা হয়েছে।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা আপাতত ১০ম গ্রেড পাচ্ছেন না। তাদের ১১তম গ্রেডই দেওয়া হচ্ছে। আর সহকারী শিক্ষকরা পাচ্ছেন ১৩তম গ্রেড। সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ উচ্চ পর্যায়ের পদগুলো আপগ্রেড হলে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়া হবে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে সৃষ্ট সমস্যার প্রসঙ্গ তোলেন। প্রধানমন্ত্রী দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন বলেও এ সময় উল্লেখ করেন তিনি। জবাবে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সচিব এর সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আপাতত প্রধান শিক্ষকদের ১১তম আর সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড দেওয়া হবে। আমরা নতুন নিয়োগ বিধির সুপারিশ করেছি। ওই নিয়োগ বিধি বাস্তবায়ন হলে উপজেলা সহকারী শিক্ষা অফিসারদের পদটি ৯ম গ্রেডে উন্নীত হবে। সেটা হলেই আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্কেল আপগ্রেড করে ১০ম গ্রেড করতে পারবো।’

সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬
‎কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলছে না জ্বালানি
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬