নিহত শিক্ষক © সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে ইসমাইল হোসেন নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের গারো পাহাড়ের সমশ্চুরা এলাকার একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন বেশ কিছুদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের চাপে পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করছিলেন বলেও জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা সমশ্চুরা এলাকায় একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পারিবারিক অশান্তি ও ঋণের চাপকে তাঁর মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।