১০৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী ৭২টিতে

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ PM
নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৮টিতেই নেই স্থায়ী প্রধান শিক্ষক। একই সঙ্গে ৭২টি বিদ্যালয়ে নেই নৈশপ্রহরী-কাম-দপ্তরি। এতে একদিকে যেমন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের অতিরিক্ত দায়িত্বের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে নৈশপ্রহরী না থাকায় রাতে অরক্ষিত থাকছে বিদ্যালয়গুলো।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ১০৮টি প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়ের মধ্যে ৪৬টিতে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বাকি ৬২টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান শিক্ষককে বিদ্যালয়ের দাপ্তরিক কাজ, বিভিন্ন সভা, উপবৃত্তি ও সরকারি হিসাব-নিকাশসহ নানা কাজে প্রায়ই শিক্ষা অফিসে যেতে হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা এসব দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় তাঁদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এতে ৪৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে পুরোপুরি প্রধান শিক্ষকবিহীন ৬২টি বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে। 

এদিকে বিদ্যালয়গুলোতে মাঠপর্যায়ের তদারকিতেও সংকট রয়েছে। নান্দাইল উপজেলায় বিদ্যালয় পরিদর্শনের জন্য আটজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন ছয়জন। দুটি পদ শূন্য থাকায় কর্মরত কর্মকর্তাদের অতিরিক্ত বিদ্যালয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের পাঠদান মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে।
প্রধান শিক্ষক সংকটের পাশাপাশি বিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ১৭৮টি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতে কোনো নৈশপ্রহরী-কাম-দপ্তরি নেই।

দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় রাতে বিদ্যালয়গুলো অরক্ষিত অবস্থায় থাকে। স্থানীয়দের অভিযোগ, এ সুযোগে বিভিন্ন বিদ্যালয় থেকে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, বৈদ্যুতিক ফ্যানসহ সরকারি সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি ডিজিটাল শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা বলেন, ‘শূন্যপদের তালিকা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হলে এই সংকট দ্রুত সমাধান হবে বলে আশা করছি।’

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬