নিহত স্কুলছাত্র মাহিন মিয়া © নিহত স্কুলছাত্র মাহিন মিয়া
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পশুরহাট দেখে ফেরার পথে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণাধীন গেইটের চাপায় মাহিন মিয়া (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় পৌর শহরের আদমপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর (পূর্বপাড়া) গ্রামের গাজীবুর রহমানের ছেলে। সে পৌর শহরের আদমপুর খান অ্যান্ড পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও মাহিনের পরিবার সূত্র জানায়, রোববার বিকালে স্কুলছাত্র মাহিন মিয়া গ্রামের অন্য শিশুদের সঙ্গে স্থানীয় হেলিপ্যাড মাঠে পশুরহাট দেখতে যায়। পরে মাহিন বাড়ি ফেরার পথে তাকে গরু তাড়া করে। এ সময় সে আশ্রয় নিতে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণাধীন স্টিলের গেইটের কাছে গেলে ধাক্কা লেগে গেইটটি মাহিনের ওপর পড়ে যায়। এতে গেইট চাপায় মাহিনের মাথায় আঘাত লেগে তার মস্তক বেরিয়ে যায়।
ঘটনাটি জানতে পেরে ফায়ার সার্ভিস অফিসের লোকজন মাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলী মোহাম্মদ হোসাইন তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক দুর্ঘটনার জন্য স্কুলছাত্র মাহিনের পরিবার ও এলাকাবাসী ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তাদেরকেই দায়ী করছেন। তারা বলছেন, নির্মাণাধীন লোহার গেইটের অংশগুলো যদি সড়কের পাশে না রেখে ফায়ার সার্ভিসের লোকজন বাউন্ডারীর ভিতরে রাখতেন, তাহলে মাহিনকে গেইট চাপায় প্রাণ দিতে হতো না।
খবর পেয়ে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) স্বপন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ফায়ার সার্ভিস স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়।
ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাহমুদ আলম জানান, গত দুইদিন আগে গণপূর্ত বিভাগের অধীনে আমাদের স্টেশনের মূল এ গেইটটি সম্পূর্ণ নির্মাণ শেষ করে দেয়ার কথা ছিল নেত্রকোনার ঠিকাদার আবু তাহেরের। কিন্তু ঠিকাদার তা করেনি। ঠিকাদারের গাফিলতির কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস স্টেশনে পুলিশ মোতায়েন রয়েছে। তবে লাশের ময়নাতদন্ত হবে কি না- তা এখনও সিদ্ধান্ত হয়নি।