পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত © টিডিসি ছবি
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে সহস্রাধিক অভিভাবকের অংশগ্রহণে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পাবনা শাখার প্রিন্সিপাল প্রফেসর আব্দুল আউয়াল মিয়া। উদ্বোধনী বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. আহসান হাবীব ইমরোজ। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের পাবনা শাখার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. আহসান হাবীব ইমরোজ বলেন, ইট-পাথর দিয়ে নগর গড়ে তোলা সম্ভব হলেও একজন আদর্শ মানুষ গড়ে তোলা অনেক কঠিন ও গুরুত্বপূর্ণ কাজ। সঠিক শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ ও চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে একজন মানুষ জাতির ভাগ্য পরিবর্তন করতে পারেন।
বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
প্রধান আলোচক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, সন্তানকে ভালো শিক্ষার্থী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানের পাশাপাশি অভিভাবকদের নিয়মিত পরিচর্যা ও সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা, আদর্শ ও মূল্যবোধের সঙ্গে পরিবারের প্রত্যাশার সামঞ্জস্য থাকাও জরুরি।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল প্রফেসর আব্দুল আউয়াল মিয়া বলেন, বাবা-মা ও শিক্ষকই সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত হন। দুনিয়াবি শিক্ষার পাশাপাশি পরকালীন কল্যাণের শিক্ষাও জরুরি। সন্তানদের স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রেখে নবী-রাসুল, সাহাবায়ে কেরাম ও মনীষীদের জীবনী শোনানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতার পাশাপাশি নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ে তোলাই পিস স্কুলের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে আগত অভিভাবক ও অতিথিদের সৌজন্যে উপহার সামগ্রী প্রদান করা হয় এবং ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।