© ফাইল ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৩ শিক্ষার্থীকে বরিশাল নদী বন্দরে লঞ্চনার ঘটনায় তিন শুল্ক প্রহরীকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)৷ আজ রবিবার (২৭ মার্চ) বিআইডব্লিউটিএ-এর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মুহাম্মদ আবু জাফর হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কার হওয়া কর্মচারীরা হলেন, মো.কামাল হোসেন, মো. জাকির হোসেন ও মো. মিজানুর রহমান৷
আরও পড়ুন: ববির ৩ শিক্ষার্থীকে কান ধরে উঠবসের জেরে নদীবন্দরে ভাঙচুর
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে লঞ্চ টার্মিনালে প্রবেশ করা নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনায় জড়িত থাকার কারণে কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী প্রবিধানমালা -১৯৯০ এর ৪১ (১) প্রবিধান অনুসারে কর্তৃপক্ষের চাকরি হতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন ।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফ এবং তার বন্ধু রাকিবকে নদীবন্দরে কর্মরত শুল্ক প্রহরীরা মারধর করে তাদের মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নেয়৷
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আরিফ জানান, আমাদের সাথে যে ঘটনা ঘটেছে এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে৷অভিযুক্তদের শাস্তি প্রদান ও টিকিট ফ্রি এটা আমাদের দাবি ছিল৷ সেটা মেনে নেওয়ায় বন্দর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ৷