মারধরের ঘটনায় জড়িত বাবা-ছেলে © টিডিসি ফটো
যশোরের চৌগাছায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক শিক্ষার্থীসহ তার পরিবারের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জবি শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওই শিক্ষার্থীরা নাম মোহাম্মদ রকি আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত তাদের প্রতিবেশী আমিনুর ও তার ছেলে রিয়াদ।
জানা গেছে, চৌগাছা থানার স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামে আব্দুর রশিদের (শিক্ষার্থীর বাবা) নতুন রোপন করা ধানক্ষেত একই গ্রামের আমিনুর রহমানের (৪০) গরু দ্বারা বিনষ্ট হয়। এনিয়ে বুধবার আমিনুরের ছেলে রিয়াদের (১৭) সাথে তার তর্ক-বিতর্ক হয়। পরে ক্ষুদ্ধ হয়ে রশিদকে মারধর শুরু করে রিয়াদ।
প্রত্যক্ষদর্শী আবু কালাম ও সবুজ বলেন, ছোট ঘটনা নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে রিয়াদ রশিদকে মারধর শুরু করে। পরে রশিদের আহাজারি শুনলে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।
ঘটনা মীমাংসার জন্য অভিযুক্ত রিয়াদের বাবা আমিনুরকে গ্রাম সালিশে আসার অনুরোধ জানান। এসময় তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলে কারো গায়ে হাত দেয়নি। আমি গ্রামের কোন মানুষের ধার ধারি না। কে কী করতে পারে দেখে নেবো।
এদিকে মারধরের ঘটনার বুধবার রাতে গ্রামের সালিশে অভিযুক্ত হামলাকারীরা না আসলেও গ্রামের লোকজন বসে তাদের নিন্দা করে এবং সবাইকে স্বাভাবিক আচরণের অনুরোধ করেন।
কিন্তু আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রশিদের ওপর দ্বিতীয়বার হামলা করে আমিনুর, শাহিনুর, জামীর (ভোলা), রিয়াদ, সোহাগ ও তাদের সহযোগীরা। লাঠি দিয়ে পেটাতে পেটাতে শাহিনুর বলে, ‘আমার ভাতিজার গায়ে হাত দিয়েছিস, তোর কে আছে দেখে নেব’।
বাবাকে শারীরিক নির্যাতনের ঘটনায় জবি ছাত্র রকি আহমেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকালে আমার বাবাকে মারা হয়েছে। ঘটনা শুনে সহজে সমাধানে আমি গ্রামের মুরব্বীদের নিয়ে সালিশ ডাকি। কিন্তু তারা না এসে বলে আমরা গ্রামের কাউকে মানি না। অথচ আজ সকালে আমিনুর, শাহিনুরসহ তাদের ভাই ও ছেলেরা একা পেয়ে আমার বাবার ওপর পুনরায় হামলা করে। আমি এর বিচার চাই।
গ্রামের বাড়িতে জবি শিক্ষার্থীর পরিবারের ওপর হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, এক শিক্ষার্থীর পরিবারের ওপর হামলার কথা শুনেছি। আমরা ওই এলাকার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিব।
চৌগাছা থানার ওসি রিফাত রাজিব বলেন, এক পরিবারের ওপর হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।