কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
দুই দশক পরও কাটেনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শিক্ষার্থী © সংগৃহীত
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করতে পারেনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭১ শতাংশ শিক্ষার্থী হলের আবাসন সুবিধার বাইরে রয়েছেন। ফলে বাধ্য হয়ে তাদের থাকতে হচ্ছে ক্যাম্পাসসংলগ্ন মেস ও ভাড়া বাসায়। এর ফলে আবাসন ব্যয়ের পাশাপাশি নানা মৌলিক নাগরিক সুবিধার অভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছেন ৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে ৪ হাজার ৮০৫ জন ছাত্র এবং ৫ হাজার ৯ জন ছাত্রী। এসব শিক্ষার্থীর আবাসনের জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে চারটি আবাসিক হল। এর মধ্যে দুটি ছাত্র হল ও দুটি ছাত্রী হল। সব মিলিয়ে হলগুলোতে আসনসংখ্যা ২ হাজার ৮৫৮টি।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর মাত্র ২৯ দশমিক ১২ শতাংশ হলের আবাসন সুবিধা পাচ্ছেন। বাকি প্রায় ৭১ শতাংশ শিক্ষার্থীকে হলের বাইরে অবস্থান করতে হচ্ছে। শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে আবাসিক হল ও আসনসংখ্যা বৃদ্ধি না পাওয়ায় বছরের পর বছর ধরে এ সংকটের সমাধান হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, দুটি ছাত্র হলে আসন রয়েছে ১ হাজার ৪৯৪টি। অন্যদিকে দুটি ছাত্রী হলে আসনসংখ্যা ১ হাজার ৩৬৪টি। তবে আসনসংখ্যা থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। ফলে হলের আবাসন সুবিধা পাওয়া নিয়েও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অসন্তোষ।
শিক্ষার্থীরা জানান, হলের আসন পেতে বেশ বেগ পেতে হয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আসন পাওয়া প্রায় অসম্ভব। দ্বিতীয় বর্ষে কিছু শিক্ষার্থী আসন পেলেও আবাসনসংক্রান্ত নানা সমস্যায় পড়তে হয়। অন্যদিকে স্নাতকোত্তর পর্যায়ে আসন পেতে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। অনেক ক্ষেত্রে একাধিকবার আবেদন করেও শেষ পর্যন্ত আসন পাওয়া সম্ভব হয় না।
হলে আবাসনের সুযোগ না থাকায় অধিকাংশ শিক্ষার্থীর ভরসা এখন বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার মেস ও ভাড়া বাসা। শিক্ষার্থীদের চাহিদাকে কেন্দ্র করে ক্যাম্পাসের আশপাশে গড়ে উঠেছে অসংখ্য মেস ও ফ্ল্যাটবাসা। তবে এসব বাসস্থানে বাড়তি ভাড়া গুণেও মিলছে না প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। কোথাও নিয়মিত লোডশেডিং, কোথাও বিশুদ্ধ পানির সংকট, আবার কোথাও অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা। বাসস্থানের পরিবেশ ও মানের সঙ্গে ভাড়ার অসংগতিও রয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এদিকে মেস ও বাসাভাড়ার বাড়তি খরচ সামাল দিতে গিয়ে আর্থিক চাপে পড়ছেন শিক্ষার্থীরা। বিশেষ করে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে বাড়তি আবাসন ব্যয় বহন করা কঠিন হয়ে উঠছে। এতে পরিবারের ওপর আর্থিক চাপ বাড়ছে। পাশাপাশি নিজেদের পড়াশোনার খরচ ও দৈনন্দিন ব্যয় মেটাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের।
শুধু বাসাভাড়া নয়, মেসের খাবারের মান নিয়েও অসন্তোষ রয়েছে। অনেক ক্ষেত্রে ভাড়া অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়া যায় না। এর সঙ্গে রয়েছে বিদ্যুৎ বিভ্রাট, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং বাড়িওয়ালাদের অসহযোগিতামূলক আচরণ। এসব কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি পড়াশোনার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের শিক্ষার্থী আহমেদ আসিফ আনাস জানান, বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেস ও ভাড়া বাসাগুলোর পরিবেশ ও সুযোগ-সুবিধার তুলনায় ভাড়া অনেক বেশি। নিয়মিত লোডশেডিংয়ের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিলও গুনতে হচ্ছে। অধিকাংশ বাসায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। আবার বাসার কোনো সরঞ্জাম নষ্ট হলে বা কোনো সমস্যা দেখা দিলে বাড়িওয়ালারা এর দায়ভার নিতে চান না। অনেক ক্ষেত্রে বাড়িওয়ালাদের আচরণও শিক্ষার্থীবান্ধব নয়।
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অনাবাসিক শিক্ষার্থী ইরিন জাহান ইকরা বলেন, বিদ্যুৎ সংকট এখন দেশের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। হলে সিট না পাওয়ার কারণে বাইরে মেসে থাকতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিদ্যুৎ থাকলেও আমরা অনাবাসিক শিক্ষার্থীরা চরম বিদ্যুৎ সংকটে ভুগছি, যা আমাদের পড়াশোনায় ভীষণভাবে প্রভাব ফেলছে। মেসের ভাড়া এবং সিলিন্ডার গ্যাস ব্যবহার করার কারণে প্রতি মাসে অনেক বেশি খরচ হচ্ছে। যা বহন করা একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে কষ্টকর বটে। এছাড়া বাহিরের মেসগুলোতে মেয়েদের নিরাপত্তাজনিত সমস্যাও রয়েছে।
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, আমাদের চারটি হল রয়েছে এবং আরও দুটি হল নির্মাণাধীন রয়েছে। আবাসিক সংকট রয়েছে, এ বিষয়ে আমি অবগত। আমরা এর আগেও প্রশাসনকে নির্মাণাধীন হল দুটি দ্রুত চালু করার জন্য জানিয়েছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, দ্রুতই হল দুটি চালু হবে। আশা করছি, হল দুটি চালু হলে আবাসিক সংকট অনেকটাই কেটে যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমি মনে করি, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসনের ক্ষেত্রে বেশ এগিয়ে আছে। আমাদের চারটি হলে মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের অধিক শিক্ষার্থী অবস্থান করতে পারে। এছাড়াও আমাদের নতুন দুটি হল তৈরি হচ্ছে। আমাদের নতুন এই দুটি হল সেপ্টেম্বর মাসেই হস্তান্তর করার কথা ছিল। হলের প্রায় সব কাজই শেষ। আমরা ফার্নিচারেরও অর্ডার দিয়ে দিয়েছি। হল দুটি বুঝে পেলে সেখানে আরও ৩ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিত হবে। এতে আমরা ৫০ শতাংশ আবাসন সুবিধার আওতায় চলে আসব।