© ফাইল ফটো
মাদক বিক্রির প্রতিবাদ করায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলার নিজ গ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী মো. আব্দুল আলিম ও তার পরিবারের লোকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এ ঘটনার দ্রুত তদন্ত করে জড়িত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা।
আজ রবিবার জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই ঘটনার যথোপযুক্ত বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে শিক্ষক সমিতির পক্ষ থেকে।
জানা গেছে, জবি শিক্ষার্থী ও তার পরিবারের ওপর হামলার আগের দিন আলিমসহ তার বন্ধুরা মিলে অরণখোলা গ্রামে স্বপন নামে এক ব্যক্তিকে মাদক বিক্রি করতে বাধা দেন। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর রাতে মাদক ব্যবসায়ী স্বপনসহ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তার পরিবারের উপর হামলা করে। হামলার সময় আলিমসহ তার বাবা, মা ও ভাইকে নির্মম ভাবে লাঠি পেটা করা হয়।
পরে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করতে বলেছেন।
দেখুন: দিনে মাদক বিক্রিতে বাধা, রাতে হামলার শিকার জবি শিক্ষার্থীর পরিবার
এ ঘটনায় মধুপুর থানায় আব্দুল আলিম বাদী হয়ে স্বপনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছন। জানতে চাইলে মধুপুর থানার ওসি তারিক কামাল বলেন, আমাদের কাছে অভিযোগ পত্র আছে। আমরা তদন্ত করছি।