চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল আবাসিক হল থেকে ৪০ জন সাধারণ শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ ওঠেছে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন গ্রুপের কর্মীদের বিরুদ্ধে। এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীরা হল কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
গত শুক্রবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত শাহজালাল হলের বিভিন্ন ব্লক থেকে শিক্ষার্থীদের বের করে দেয় এই গ্রুপ। সিক্সটি নাইন গ্রুপ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
জানা গেছে, হলের অন্তত ৪০ জন নিরীহ শিক্ষার্থীকে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে হল থেকে বের করে দেয় সিক্সটি নাইনের কর্মীরা। যাঁদের ছাত্রলীগকর্মীদের সঙ্গে কিছুটা সম্পর্ক আছে এমন দুজনের কক্ষে চারজন দিয়ে অন্য একটি কক্ষ তাঁরা দখল করে নিয়েছেন। এ ছাড়া অল্পসংখ্যক যে সাধারণ শিক্ষার্থীরা আছেন তাঁদেরকেও হল থেকে বের করে দেওয়ার জন্য তৎপর আছে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, আমাদের অনেকের পরীক্ষা চলছে। এর মধ্যে সিক্সটি নাইনের কর্মীরা গিয়ে কক্ষ ছেড়ে দিতে বলে এবং তাঁদের কঠোর ব্যবহারে নিজ আসন ছেড়ে দিতে বাধ্য হই।
এ বিষয়ে শাহজালাল হলের আবাসিক শিক্ষক মো. আরিফ উদ্দিন খান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের বের করে দেওয়ার ব্যাপারে ভিসি ম্যাডাম ও প্রক্টর অফিসকে জানানো হয়েছে। তাঁরা বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ছাড়া ছাত্রলীগকে আমরা হল কর্তৃপক্ষ একাধিকবার বোঝানোর চেষ্টা করেছি। তখন তারা বলেছে এমনটি আর করবে না। কিন্তু ঠিকই মধ্যরাতে তাঁরা এসে সাধারণ শিক্ষার্থীদের বের করে দিয়েছে। এ ব্যাপারে আমরা ব্যর্থ।’
তবে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি অভিযোগের ভিত্তিতে বিষয়টি সমাধান করতে পারলে হল থেকে বিতাড়িত শিক্ষার্থীদের হলে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘শাহজালাল হল থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেওয়ার বিষয়ে হল প্রভোস্ট ও অন্যান্য মাধ্যমে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সমপাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের বের করে দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা ঘটলে আমার কাছে অভিযোগ আসতে হবে। তারপর আমি ব্যবস্থা নেব।’