চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয় ও সিক্সটি নাইনকে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।
এর আগে, বিজয় গ্রুপের কর্মী আবির হাসানের উপর কনকর্ডের কর্মীরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন। তবে বিজয় গ্রুপের দাবি মারধরের সময় বোরহানের সঙ্গে সিক্সটি-নাইনের কর্মীরাও ছিলো। আবির হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গিয়েছে। পরে আহতকে প্রথমে চবি মেডিকেল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। মারধরকারী বোরহান সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের ২৩৪ নম্বর রুমের বিজয়ের এক কর্মীর সঙ্গে বাকবিতণ্ডা হলে তা মীমাংসা করতে যায় আবির হাসান। এক পর্যায়ে কনকর্ড গ্রুপের কর্মী বোরহানকে চড় থাপ্পড় মারে আবির হাসান। এ ঘটনার জেরে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আবির হাসানকে মারধর করে কনকর্ড গ্রুপের কর্মী বোরহান ও তার সহযোগীরা।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা কালকে তাদের সাথে এটা নিয়ে বসে মিমাংসার দিকে যাবো।