গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃত্যু

২৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ AM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ AM
নিহত ছাত্রদল নেতা

নিহত ছাত্রদল নেতা © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে হামলায় আহত হওয়ার ১২ দিন পর মারা গেছেন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩০)। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। তিনি পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। এর আগে গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে হামলার শিকার হন শাকিল। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য জানান।

পুলিশ জানায়, ১৪ অক্টোবর রাতে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর হামলা চালান। এ সময় তাকে লক্ষ্য করে দুটি গুলি করা হয়। পরে পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হামলার ১২ দিন পর তার মৃত্যু হয়।

ওসি আব্দুল হান্নান বলেন, হামলার ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা শাকিল হত্যার বিচার এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর প্রতিবাদ জানানো হবে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬