চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উদযাপিত হতে যাচ্ছে বিভাগটির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। প্রায় ৩ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান হবে আগামী ৫ ও ৬ মার্চ।
মঙ্গলবার দুপুরে রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতির অফিস রুমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় লিখিত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।
সুবর্ণ জয়ন্তীর ১ম দিনের সূচি: সকাল ১০টায় সমাজ বিজ্ঞান অনুষদ থেকে আনন্দ র্যালি শুরু হয়ে শহীদ আব্দুর রব হলের মাঠে অনুষ্ঠানস্থলে এসে শেষ হবে। সকাল সাড়ে ১০টায় সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পর্যায়ক্রমে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য, প্রয়াত শিক্ষক শিক্ষার্থীদের সম্মানে শোক প্রস্তাব পাঠ এবং অতিথিরা বক্তব্য দেবেন। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠান, সভাপতির বক্তব্য, স্মৃতিচারণ, বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে। আমন্ত্রিত শিল্পী ক্লোজআপ তারকা সাব্বির জামান ও ব্যান্ড দল চিরকুট'র পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে প্রথমদিনের কার্যক্রম।
৫ মার্চ সকাল ৮টায় ১নং রুটে একটি বাস বটতলী স্টেশন- টাইগারপাস- জিইসি- ২নং গেট- অক্সিজেন হয়ে ক্যাম্পাসে আসবে। একই সময় ২ নং রুটে একটি বাস শপিং কমপ্লেক্স- মুরাদপুর- অক্সিজেন হয়ে ক্যাম্পাসে আসবে। বাসগুলো সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানস্থল থেকে স্বস্ব রুটে ফিরে যাবে।
সুবর্ণ জয়ন্তীর ২য় দিনের সূচি: সকাল সাড়ে ৯টা থেকে কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে স্মৃতিচারণ, ফটোসেশন, প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, আমন্ত্রিত শিল্পী মৌমিতা বড়ুয়া ও সন্দীপন দাশের পরিবেশনা থাকবে। আমন্ত্রিত ব্যান্ড দল নাটাই'র পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে রাজনীতি বিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী এ উদযাপন।
চবির প্রবীণ বিভাগগুলোর একটি বিভাগ হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত রাজনীতি বিজ্ঞান বিভাগ। প্রতিষ্ঠার দিক থেকেও বিভাগটি সমাজ বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বিভাগ। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিষ্ঠার দুই বছর পরেই ১৯৬৮ সালে রাজনীতি বিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়।
১৯৬৯-৭০ শিক্ষাবর্ষে এই বিভাগে প্রথম স্নাতক কোর্স চালু হয়। বিভাগটির প্রতিষ্ঠাকালিন প্রধান ও প্রথম সভাপতি ছিলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী তিনিই ছিলেন প্রথম কোনো বিভাগের সভাপতি।
২০১৮ সালে বিভাগটির ৫০ বছরের যাত্রা শেষ হয়। এ উপলক্ষে ২০১৯ সালের ফেব্রুয়ারীতে সুবর্ণ জয়ন্তী উদযাপনের তোড়জোড় শুরু হলেও জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে বড় পরিসরে এ উদযাপন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি। তবে সীমিত পরিসরে ২০১৮ সালে একটি অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনা করা হয়।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগম, সদস্য সচিব অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন এবং কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. বখতেয়ার উদ্দীন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উক্ত বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবিরসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।