গুচ্ছ ভর্তি পরীক্ষা
© টিডিসি ফটো
বুয়েট, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না এলেও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে অন্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, প্রকৌশল ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে চারটি ধাপে এ ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। তবে সাধারণ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে আলাদাভাবে তিনটি ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।
এ ভর্তি প্রক্রিয়ায় দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। বুধবার বিকালে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে বেলা তিনটা থেকে ইউজিসি মিলনায়তনে এ সভা শুরু হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, গুচ্ছ পরীক্ষার মাধ্যমেই একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী শাখা পরিবর্তনের সুযোগ পাবেন। অর্থাৎ বিজ্ঞানের একজন শিক্ষার্থী চাইলে মানবিকের কোনো বিষয়েও ভর্তির সুযোগ পাবেন। সে ক্ষেত্রে ভর্তি পরীক্ষার মধ্যে এ ধরনের কোনো একটি ব্যবস্থা রাখা হবে। আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই ভর্তি পরীক্ষার খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
এক প্রশ্নের জবাবে ব্রিফিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সেইম জিনিসটি (শাখা পরিবর্তন) গত তিনবছর যাবৎ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিস করছি। সায়েন্সে যারা পরীক্ষা দিবে তারা অন্য বিষয়ে পরীক্ষা দিতে চাইলে আলাদা একটি অপশন থাকবে। এজন্য মূল প্রশ্নের সাথে অতিরিক্ত কিছু প্রশ্ন থাকবে। শাখা পরিবর্তনের বিষয়টি কোন সমস্যা হবে না বলেও তিনি উল্লেখ করেন।