© লোগো
‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি)’ মাসব্যাপী বিতর্ক কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। আগামী রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগে কর্মশালাটি শুরু হবে। কর্মশালাটি সিইউএসডি’র ১১তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ এন্ড ডিবেট চ্যাম্পিয়নশিপ। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় সংগঠনটি।
বিজ্ঞাপ্তিতে জানা হয়, প্রতি বছরের ন্যায় থিমেটিক ক্লাসগুলো রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সাইবার সিকিউরিটি, সাইবার ডেভেলপমেন্ট, মিডিয়া ইথিকস ও গণতন্ত্র, ক্রিমিনাল সাইকোলজি, লিডারশিপ ডেভেলপমেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অনুষ্ঠিত হবে। ক্লাসগুলো নিবেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকগণ। বাংলা ও ইংরেজী বিতর্ক বিষয়ক নানা শিক্ষনীয় ক্লাস নেবেন দেশসেরা জাতীয় ও আন্তর্জাতিক বিতার্কিকরা। এছাড়াও কর্মশালায় বিভিন্ন গ্রুপ এক্টিভিটি, ব্রেইন স্টর্মিং সেশন এবং গ্রুপ প্রেজেন্টেশন এর মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতার উন্নয়ন করা হবে।
বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, এই ওয়ার্কশপের শেষে থাকবে বাংলা বিতর্ক প্রতিযোগিতা এবং ইংরেজী ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা। কর্মশালার শেষে কৃতকার্য শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান এবং পুরস্কার বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।