চবির ভর্তি পরীক্ষা জুড়ে সমালোচিত ছাত্রলীগ

০১ নভেম্বর ২০১৯, ১১:৪৩ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সবচেয়ে বড় অসঙ্গতি হলো বগি ভিত্তিক রাজনীতি। ২০১৬ সালের ২২ জুলাই লিখিতভাবে বগির রাজনীতি নিষিদ্ধ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু বগি ভিত্তিক গড়ে ওঠা গ্রুপগুলো এখনো সক্রিয়। ক্যাম্পাসের আনাচে-কানাচে অন্তত ১১ টি গ্রুপের চিকা দেখা যায়।

চলতি বছর ভর্তি পরীক্ষার আগমুহূর্তে ক্যাম্পাস জুড়ে আবারও বগি ভিত্তিক গ্রুপগুলো দেয়ালে পোস্টার সাঁটিয়ে, চিকা মেরে নিজেদের সক্রিয় অবস্থান জানান দেয়। তবে, গত ২২ অক্টোবর এতে নিষেধাজ্ঞা আরোপ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর থেকে বগির রাজনীতি এবং সেই সম্বলিত পোস্টার, দেয়ালে চিকা কিংবা যেকোনো ধরনের প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুশিয়ারি দিলেও ২৭ অক্টোবর অনুষ্ঠিত চবির ভর্তি পরীক্ষাকালীন ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপগুলোর অবস্থান ছিলো আগের মতই।

এবারের ভর্তি পরীক্ষায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছিলো বগি ভিত্তিক ৪টি গ্রুপ - 'বিজয়, ভিএক্স, আরএস ও বাংলার মুখ' এর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় হতাশা ব্যক্ত করেন।

এছাড়া ভর্তি পরীক্ষার আগের দিন ২৬ অক্টোবর এক ছাত্রকে র‍্যাগ দেয়ায় আটক ছাত্রলীগের বিজয়গ্রুপের তিন কর্মী। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।

২৮ অক্টোবর ডি ইউনিটের ভর্তি পরীক্ষার দিন এক নিরাপত্তা কর্মীকে দায়িত্ব পালনকালে মারধর করেন ছাত্রলীগের একাকার গ্রুপের কর্মী লোকমান ও কনক সাহা। এসময় এক নারী পরীক্ষার্থীও আহত হন।

একইদিন গাড়ি পার্কিংয়ের নামে রোমিও নামের এক যুবকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলে তাকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হলেও ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ বাংলার মুখের অনুসারী বলে দাবি করেন।

২৮ অক্টোবর রাতে প্রক্টরের গাড়িতে ছাত্রলীগের হামলার ঘটনাও জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছিলো। এদিন চবির রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের ভাতিজা আজফার কামাল চৌধুরী শাওনের বিরুদ্ধে ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা রকির বান্ধবীকে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিসির ভাতিজা আজফারের সাথে থাকা ৫ বহিরাগতের সঙ্গে ছাত্রলীগের দুই দফায় মারামারি হয়। পরে অবশ্য প্রক্টরিয়াল বডির শেল্টারে রক্ষা পেয়ে যান আজফার এবং তার সাথে থাকা বহিরাগতরা।

একপর্যায়ে প্রক্টরিয়াল বডির গাড়িতে আজফারসহ ৫ বহিরাগত ইভটিজারকে নিরাপত্তা দিয়ে নিয়ে যেতে চাইলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এসময় প্রক্টরের গাড়িতে হামলা করে তারা। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পুরো ঘটনার জন্য সমালোচিত হয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

সর্বশেষ ৩০ অক্টোবর রাতে পছন্দের সিগারেট না পেয়ে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে মো. ইব্রাহীম নামের এক দোকানীকে মারধর করে ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ সিক্সটি নাইনের কয়েকজন কর্মী। এসময় তারা দোকানে ভাংচুর চালায়। পরবর্তীতে দোকানদার দোকান বন্ধ করে চিকিৎসা নিতে গেলে তার দোকানে আগুন লাগিয়ে দেন তারা। পরে আশপাশের দোকানদারেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 'বিষয়টি কেউ যাতে না জানে', এমন হুমকি দেয়া হয় দোকানদারকে।

তবে পুরো ভর্তি পরীক্ষা জুড়ে ছাত্রলীগের ব্যানারে গঠিত হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা করেছে সংগঠনটির নেতাকর্মীরা। ভর্তি পরীক্ষাকালীন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন। এসময় তারা শিক্ষা সামগ্রী বিতরণ, পানি সরবরাহ, শৃঙ্খলা তৈরীতে কাজ করেছেন। যদিও বেশকিছু অভিযোগের আড়ালে ঢাকা পড়েছিলো তাদের এতসব সেবামূলক কার্যক্রম।

চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, যারা কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে ভর্তি পরীক্ষাকালীন নিজেদের বগি ভিত্তিক রাজনীতি সচল রেখেছে তাদের সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আমরা পুরো পরীক্ষার সময় শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত ছিলাম। কিন্তু যারা ভর্তি পরীক্ষার সময় বিভিন্নভাবে অভিযুক্ত হয়েছে তাদের কেউই মূলত আমাদের সাথে একাত্মতা পোষণ করেনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বশেষ এ বিষয়ে আরেকবার বসবো। এরপরও যদি নির্দেশনা অমান্য করে তাহলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে কথা বলে সবাইকে শাস্তির আওতায় আনা হবে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
সেন্ট গ্রেগরী অধ্যক্ষের পরামর্শ: শেষ মুহূর্তে এসএসসি পরীক্ষ…
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬