জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাবি শিবিরের অবস্থান কর্মসূচি

৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ AM
 জাবি ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি

জাবি ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি © টিডিসি ছবি

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তর ও বিলুপ্তির উদ্যোগের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। একই সঙ্গে দ্রুত ১১তম জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
‎
‎শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে (পুরাতন রেজিস্ট্রার ভবন) এ কর্মসূচি পালন করেন শাখাটির নেতাকর্মীরা।
‎
‎কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও জাকসুর সদ্য সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, জাকসু নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তর করে সেখানে শিক্ষক সমিতিকে সাময়িকভাবে বরাদ্দ দেওয়ার বিষয়ে তাদের আপত্তি নেই। তবে নির্বাচন কমিশনের কার্যালয় বিলুপ্ত করে জাকসুর কার্যক্রম বন্ধের পরিকল্পনার প্রতিবাদ জানান তিনি।
‎
‎ফেরদৌস আল হাসান বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে ১১তম জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক কণ্ঠস্বর কোনোভাবেই রোধ করা যাবে না।’
‎
‎তিনি আরও বলেন, জাকসু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যান্য ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গেও কথা বলে জাকসু নির্বাচনের বিষয়ে তাদের ইতিবাচক অবস্থান জানতে পেরেছেন বলে দাবি করেন তিনি।
‎
‎প্রশাসনের সদিচ্ছার অভাবেই নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগোচ্ছে না বলে অভিযোগ করেন ফেরদৌস আল হাসান। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তিনি।
‎
‎কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক ও নবাব সলিমুল্লাহ হলের সাবেক জিএস মো. ওয়ালী উল্লাহ আল মাহাদী হল সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
‎
‎তিনি বলেন, দশম জাকসু নির্বাচনের পাশাপাশি হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচিত প্রতিনিধিরা হলের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছেন এবং আবাসনসহ বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন।
‎
‎ওয়ালী উল্লাহ আল মাহাদী বলেন, কেন্দ্রীয় জাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনও গুরুত্বপূর্ণ। হল সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে তুলে ধরা সম্ভব। তাই দ্রুততম সময়ের মধ্যে হল সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
‎
‎কর্মসূচিতে বক্তারা জাকসু ও হল সংসদ নির্বাচন দ্রুত আয়োজন, নির্বাচন কমিশনের কার্যক্রম সচল রাখা এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
‎
‎প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর প্রশাসনিক সভায় জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়টি শিক্ষক সমিতির অফিস হিসেবে সাময়িকভাবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে জাকসু নির্বাচন না থাকায় কার্যালয়টি খালি রয়েছে। সামনে শিক্ষক সমিতির নির্বাচন থাকায় তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য সাময়িকভাবে কার্যালয়টি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
‎

কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউআইটিএসের সমাবর্তন ঘিরে আর্থিক অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার অ…
  • ৩০ অক্টোবর ২০২৬