৪ জনের বিরুদ্ধে শিক্ষাবোর্ডের মামলা

শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা এসএসসি পরীক্ষার্থী পাস

৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ PM
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড © ফাইল ফটো

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে নম্বর জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীসহ প্রতিষ্ঠানটির কম্পিউটার সেলের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুই বিষয়ে শূন্যসহ ১০ বিষয়ে অকৃতকার্য ওই শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাঁচলাইশ মডেল থানায় মামলাটি করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। ওই শিক্ষার্থী ১০ বিষয়ে অকৃতকার্যসহ ১১টি বিষয়ের সৃজনশীল অংশের নম্বর বাড়ানোর প্রমাণ পাওয়া গেছে বলে মামলার এজহার সূত্রে জানা গেছে।

মামলার আসামিরা হলেন শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী (২৮), মো. রাশেদুল ইসলাম (৩০) এবং কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান (৩২)। এ ছাড়া হাসিবুল আলী শোভন (১৭) নামে ওই শিক্ষার্থীকেও আসামি করা হয়েছে। তদন্তে শনাক্তযোগ্য অন্য ব্যক্তি ও অজ্ঞাতনামা সহযোগীদেরও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪৭৭(ক) ধারা এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ৫, ৬, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে ওই শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পদার্থবিজ্ঞান বিষয়ের উত্তরপত্রের নম্বরের সঙ্গে শিক্ষা বোর্ডের কম্পিউটার সেল থেকে পাওয়া প্রিন্ট আউটের নম্বরের বড় ধরনের পার্থক্য দেখতে পান। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর পর বোর্ডের একজন প্রোগ্রামার যাচাই করে নম্বরের গরমিলের সত্যতা পান।

এ ঘটনায় বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। দুজন আইসিটি বিশেষজ্ঞের কারিগরি সহযোগিতায় কমিটি মূল উত্তরপত্র, পরীক্ষকদের পাঠানো ম্যানুয়াল নম্বর ফর্দ, প্রকাশিত ফলাফল, এমসিকিউ ওএমআর এবং কম্পিউটার সেলের বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে। গত ৯ সেপ্টেম্বর কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়।

এজাহারে উল্লেখ করা হয়, তদন্তে শিক্ষার্থীর ১১টি বিষয়ের সৃজনশীল অংশের নম্বর বাড়ানোর প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩ ও দ্বিতীয় পত্রে ২৪-কে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩-কে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-কে ৮২ করা হয়। গণিতে ৯ নম্বর বাড়িয়ে ৬৬, ইসলাম শিক্ষায় ৭ থেকে ৬৪, উচ্চতর গণিতে শূন্য থেকে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্য থেকে ৪৫, রসায়নে ১ থেকে ৪৬, জীববিজ্ঞানে ১ থেকে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪ থেকে ৬৫ নম্বর করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীর ইন্ধনে এবং কম্পিউটার সেলের সংশ্লিষ্ট তিন কর্মচারীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় পারস্পরিক যোগসাজশে এ জালিয়াতি করা হয়েছে। প্রকৃত নম্বরের পরিবর্তে বাড়ানো নম্বর বসিয়ে ফলাফলের হিসাব পরিবর্তন করা হয় এবং জালিয়াতির মাধ্যমে তৈরি ফলাফল অনলাইনে প্রকাশ করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

এজাহারে আরও বলা হয়, ফলাফলে অসংগতি ধরা পড়ার পর শিক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়। গত ১৫ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২৬ অক্টোবর শিক্ষার্থী নোটিশের জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় বোর্ড কর্তৃপক্ষ মামলা করার সিদ্ধান্ত নেয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল জালিয়াতির অভিযোগ এবারই প্রথম নয়। গত বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের পুনর্নিরীক্ষণের সময় ৩৪টি খাতার নম্বরপত্র বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সে সময় পুনর্নিরীক্ষণের ফল জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের তদন্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বোর্ডও তদন্ত কমিটি করেছিল তবে শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি।

এর আগে ২০২৩ সালে একইভাবে ছেলের পরীক্ষার খাতায় নম্বর বাড়ানোর অভিযোগ উঠেছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তৎকালীন সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র দেবনাথের বিরুদ্ধে।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় নগরীর একটি বেসরকারি কলেজ থেকে অংশ নেন নারায়ণ চন্দ্রের ছেলে নক্ষত্র দেব নাথ। পরে তার ছেলের জিপিএ-৫ প্রাপ্তি নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন শিক্ষক। এ নিয়ে আলোচনার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়।

কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২০২৪ সালের ২৪ অক্টোবর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নক্ষত্র দেবের ফলাফল বাতিল করা হয়। সে সময় তদন্ত কমিটি নারায়ণের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পরামর্শ দিয়েছিল। এর ভিত্তিতে মামলার পর অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে বিজিবির রাতভর নজরদারি
  • ২৩ নভেম্বর ২০২৬
টানা পতনের পর আজ বাড়ল সোনার দাম, এখন ভরি কত?
  • ২৩ নভেম্বর ২০২৬
টিউশন করে জমানো ৬ হাজার টাকার সাইকেলে ১৪৮ দিনে ঘুরলেন ৬৪ জে…
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা, প্রস্তুতি নিতে হবে যেভাবে
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন
  • ২৩ নভেম্বর ২০২৬
বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার
  • ২৩ নভেম্বর ২০২৬