দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধা পাচ্ছেন পরীক্ষার্থীরা

১৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ PM
 পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের তুলনামূলক খারাপ ফল এবং অকৃতকার্য হওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এ দুটি বিষয় মাথায় রেখে চলছে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ। এ সময় খাতা মূল্যায়নে কোনো অসংগতি কিংবা পরীক্ষকের দায়িত্বে অবহেলা ধরা পড়লে সংশোধন করা হবে নম্বর। এতে ফল প্রত্যাশিত না পাওয়া পরীক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব শিক্ষার্থী ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন পত্রে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। পুনর্নিরীক্ষণের আবেদনে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বোর্ডভিত্তিক প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে। 

এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, দুই বছর ধরে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও নির্মোহ করা হয়েছে। অর্থাৎ একটি নির্ধারিত মানদণ্ডে খাতা মূল্যায়ন করা হয়েছে। গত বছরও একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সদ্য এইচএসসির ফল প্রকাশের পর দেখা গেছে— সব বোর্ডেই বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি, বাংলা ও আইসিটির মতো আবশ্যিক সাবজেক্টগুলোতে ফলাফল খারাপ করেছে। 

তিনি বলেন, এসব বিষয়গুলোতে অকৃতকার্যের পরিমাণও বেশি। তুলনামূলক খারাপ ফল এবং অকৃতকার্য— এই দু’টি বিষয় মাথায় রেখেই ইতোমধ্যে বোর্ডগুলো কাজ শুরু করেছে।

ফল খারাপের জন্য শিক্ষক সংকট একটি বড় কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই, এমনকি সরকারি কলেজে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হয়।’

ঢাকা বোর্ডের চিত্র

ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা, ইংরেজি, আইসিটি ছাড়াও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৪২ হাজার ২টি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে। ঢাকা বোর্ডে এই দু’টি বিষয়েই সর্বোচ্চ সংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, আবশ্যিক বিষয়গুলোর মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলায়ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ২৪ হাজার ৮৫৮টি পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে রসায়নে; যেখানে প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ১৮ হাজার ৪৮২টি করে আবেদন জমা পড়েছে। এছাড়া জীববিজ্ঞানে (প্রথম ও দ্বিতীয় পত্র) সমানসংখ্যক অর্থাৎ ১৫ হাজার ৭৫৭টি করে খাতা পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে।

মানবিক বিভাগে পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৩ হাজার ৫৭১টি এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এই বিষয়ে প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৩ হাজার ৮২৭টি আবেদন করা হয়েছে। এছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২ হাজার ৩৩১টি পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। কাঙ্ক্ষিত ফল না পেয়ে ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। আবেদনের শেষ সময় ছিল গত ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষকদের গাফিলতি হলে ছাড় নয়

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্র জানায়, এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পরও ব্যাপক পরিবর্তন দেখা গিয়েছিল। এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ফল পুনর্মূল্যায়নের জন্য ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন, যেখানে মোট পত্রের সংখ্যা ছিল ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। পুনর্নিরীক্ষণের পর এসএসসিতে সারা দেশে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছিল এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৯ জন।

এসএসসির মতো এইচএসসিতেও খাতা মূল্যায়নে বড় ধরনের অসঙ্গতি বা নম্বরে ব্যাপক ব্যবধান পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এসএসসিতে খাতা মূল্যায়নে বড় ধরনের ব্যত্যয় ঘটায় শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষককে চিহ্নিত করা হয়েছে। তাদের বিষয়ে সুনির্দিষ্ট ডায়াগনোসিস করে মন্ত্রণালয়ে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ পাঠানো হচ্ছে। এইচএসসির ফল পুনর্নিরীক্ষায় যদি কোথাও একইভাবে অনুচিত নম্বর বা অতিরিক্ত নম্বর পার্থক্যের প্রমাণ মেলে, তবে খাতা মূল্যায়নে দায়িত্বে অবহেলাকারী পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে একই প্রক্রিয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।

তিনি স্পষ্ট করে জানান, একজন শিক্ষার্থী আগে কত পেয়েছিল এবং পুনর্নিরীক্ষার পর কত পাচ্ছে—এই নম্বর ব্যবধানের তারতম্য বিবেচনা করেই মূলত অনুচিত বা ত্রুটিপূর্ণ মূল্যায়ন নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য শিক্ষার্থীদের থেকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে আবেদনকৃত ডেটা গ্রহণ করা হবে। এরপর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্য সম্বলিত তালিকা ও বিষয়ওয়ারী তালিকা সংশ্লিষ্ট শাখায় প্রেরণ, পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের নিকট থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে। পরবর্তী ধাপে পুনর্মূল্যায়ন পরীক্ষকদের ব্রিফিং শেষে খাতা পুনর্মূল্যায়নের কাজ শুরু হবে।

এতে আরও জানানো হয়, খাতা দেখা শেষে নম্বর পরিবর্তিত উত্তরপত্রে পুনর্মূল্যায়ন পরীক্ষক কর্তৃক স্বাক্ষরিত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে প্রেরণ করা হবে। এরপর কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের লিথোকোড যাচাই এবং চূড়ান্ত পরিবর্তিত উত্তরপত্র যাচাই শেষে পুনর্নিরীক্ষণ ও পুনর্র্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হবে।

পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এ বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কার্যক্রম শুর হয়েছে। পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গত ১১ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়, যা আগামী ১৭ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোর্ডের ৪ নম্বর ভবনের ৭ম ও ৮ম তলার উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় এ কাজ চলবে।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মো. মনজুরুল কবীর বলেন, এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে জমা পড়া লাখ লাখ আবেদন ও ডেটা প্রসেসিংয়ের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হবে। ফলাফল প্রকাশের পর নম্বর পরিবর্তনে কোনো ধরনের অসঙ্গতি যাতে না থাকে, সেজন্য আমাদের আইসিটি টিম অত্যন্ত নিবিড়ভাবে পুরো প্রক্রিয়াটি মনিটরিং করছে।

একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটা…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950