অভিযুক্ত উপাচার্যরা © সংগৃহীত
১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বিতর্কিত কার্মকাণ্ডে যাদের বিরুদ্ধেই অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, তাদের স্বপদ থেকে অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিয়ে মঙ্গলবার গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
জানা গেছে বিভিন্ন সময় পাওয়া অভিযোগ আমলে নিয়ে দেশের ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে।
উপমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অভিযোগ রয়েছে। ইউজিসির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় পুলিশ কেস হলে পুলিশের প্রতিবেদন সংগ্রহ করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। ফলে কিছুটা দেরি হয়ে থাকে।
বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কাদের নির্দেশে ইউজিসি তদন্ত কাজ শুরু করেছে খোঁজ নিয়ে দেখুন, আমরা নির্দেশ দিয়েছি বলেই ইউজিসি তদন্ত শুরু করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই কোনো অভিযোগ পাওয়া গেলে, কিছু তথ্য সংগ্রহ করে তদন্ত কাজ শুরু করতে হয়। তাতে অপরাধ প্রমাণিত হলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ বিশেষভাবে নজরদারি করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কমিটি করতে ইউজিসিকে নির্দেশ দেয়া হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছে, সেগুলোর বিষয়েও নজর রাখা হচ্ছে। সেখানের শিক্ষক-শিক্ষার্থীদের তোলা অভিযোগ খতিয়ে দেখে অপরাধের সত্যতা মিললে ব্যবস্থা নেয়া হবে।