আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন © সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে এক প্রবাসীর ১৩টি বসতঘরসহ একটি খাবার হোটেল ও চায়ের দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ঘরগুলোর আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাইপ্রবাসী নিশাত ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নিশাত ঢালীর বাড়ির এক পাশে থাকা একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের আরও ইউনিট ঘটনাস্থলে কাজ করে। আগুনে প্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি চায়ের দোকান পুড়ে যায়। ঘরগুলোর ভেতরে থাকা আসবাবসহ বিভিন্ন মালামালও পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।