শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ বিশেষভাবে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এছাড়া যেসব বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছে, সেগুলোর বিষয়েও নজর রাখা হচ্ছে। সেখানের শিক্ষক-শিক্ষার্থীদের তোলা অভিযোগ খতিয়ে দেখে অপরাধের সত্যতা মিললে ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিয়ে মঙ্গলবার গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
উপমন্ত্রী বলেন, ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, তাদের স্বপদ থেকে অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।
ইউজিসি থেকে তদন্ত প্রতিবেদন পাঠালেও কারও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না- এমন প্রশ্নের জবাবে মহিবুল হাসান বলেন, আমাদের আমলে কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি এমন রেকর্ড নেই। অন্যায় যেই করবে তাকে শাস্তি পেতে হবে।
উপমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অভিযোগ রয়েছে। ইউজিসির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় পুলিশ কেস হলে পুলিশের প্রতিবেদন সংগ্রহ করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। ফলে কিছুটা দেরি হয়ে থাকে।
বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কাদের নির্দেশে ইউজিসি তদন্ত কাজ শুরু করেছে খোঁজ নিয়ে দেখুন, আমরা নির্দেশ দিয়েছি বলেই ইউজিসি তদন্ত শুরু করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই কোনো অভিযোগ পাওয়া গেলে, কিছু তথ্য সংগ্রহ করে তদন্ত কাজ শুরু করতে হয়। তাতে অপরাধ প্রমাণিত হলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।