রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে। আবেদন চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যে ইউনিটেই আবেদন করুন না কেন, তাদের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিজ বিভাগের জন্য নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে সাত দিনের মধ্যে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
এবার ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল- এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে পরে তা পরিবর্তনের সুযোগ থাকবে না।
ভর্তির আবেদন যোগ্যতা
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে অন্যান্য সমমান পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি সমমান নির্ধারণ কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের সময় মার্কশিট আপলোড করতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। তবে তাঁদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারণ করা হবে।
বিভাগভেদে আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান—উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান—উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৭.৫০।
জিসিই ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে বি গ্রেড এবং বাকি তিনটিতে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে।
ও লেভেল, এ লেভেল এবং ইংরেজি ভার্সনে (ন্যাশনাল কারিকুলাম) উত্তীর্ণ আবেদনকারীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্রের ব্যবস্থা থাকবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার সময় অনলাইনে নির্ধারিত অপশন পূরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, একজন শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুন না কেন, তিনি এইচএসসি বা সমমান পরীক্ষায় যে বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন, সেই বিভাগের জন্য নির্ধারিত ন্যূনতম যোগ্যতাই তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ, অন্য ইউনিটে আবেদন করলেও নিজ বিভাগের জিপিএর শর্ত শিথিল হবে না।