গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমিরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে অহিংস আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর উপাচার্যের পেটুয়া বাহিনীর হামলা, বহিষ্কারের নামে হয়রানির প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে যবিপ্রবিতে মানববন্ধন ও উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কর্মসূচি শুরু হয়। এতে বশেমুরবিপ্রবি উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। কুশপুত্তলিকা দাহ শেষে মানববন্ধন ও বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।
মানববন্ধনে যবিপ্রবি সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) সাধারণ সম্পাদক মো. মোসাব্বির হোসাইন বশেমুরবিপ্রবির উপাচার্যকে যবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। এই ভিসিকে স্বৈরাচারী আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগ করে বঙ্গবন্ধুর জন্মভূমি কলঙ্কমুক্ত করার আহবান জানান।
এছাড়া যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল আহমেদ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদী বক্তৃতা প্রদান করেন। এ কর্মসূচিতে যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।