বগুড়া বিশ্ববিদ্যালয়ে ৬ অনুষদের অধীনে ১০ বিভাগ খোলার অনুমোদন ইউজিসির

১৯ নভেম্বর ২০২৬, ১২:১০ PM
বগুড়া বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড © সংগৃহীত

বগুড়া বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ১০টি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়টির প্রস্তাবিত আটটি অনুষদের ১৬টি বিভাগের মধ্য থেকে প্রাথমিকভাবে ছয়টি অনুষদের ১০টি বিভাগ চালুর অনুমতি দেওয়া হয়েছে। তবে এ অনুমোদনের সঙ্গে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে কমিশন।

গত ৮ নভেম্বর ইউজিসির জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কমিশনের চেয়ারম্যানের অনুমোদনক্রমে জারি করা চিঠিতে বলা হয়েছে, বগুড়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব এবং কমিশন কর্তৃক গঠিত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলি পূরণের আলোকে বিভাগগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে।

অনুমোদিত ছয়টি অনুষদ ও ১০টি বিভাগ হলো
প্রকৌশল অনুষদ: কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিকস।
কলা অনুষদ: ইংরেজি।
ব্যবসায় শিক্ষা অনুষদ: ফিনটেক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।
কৃষিবিজ্ঞান অনুষদ: কৃষি।
মেডিসিন অনুষদ: নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি।
প্রাণিবিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ: ভেটেরিনারি মেডিসিন।

চিঠিতে বিভাগগুলো চালুর ক্ষেত্রে কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বাড়ির ভাড়ার চুক্তিপত্র ও ভবনের নকশা জমা দেওয়া, তিনটি ভবনের একাডেমিক লে-আউট প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য পৌরসভার অনাপত্তিপত্র সংগ্রহ করা।

এ ছাড়া ভাড়া করা তিনটি ভবন দ্রুত শিক্ষা কার্যক্রম পরিচালনার উপযোগী করে কমিশনকে অবহিত করতে হবে। কোর্স কারিকুলাম জমা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় গবেষণাগার (প্রযোজ্য ক্ষেত্রে), লাইব্রেরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষা কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীর জনবলের চাহিদাও কমিশনে জমা দিতে হবে।

ইউজিসির এ অনুমোদনের ফলে বগুড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতিতে নতুন অগ্রগতি তৈরি হলো। তবে বিভাগগুলোয় শিক্ষা কার্যক্রম শুরু করতে চিঠিতে উল্লেখ করা শর্তগুলো পূরণ করতে হবে।

চাঁদপুরে ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্…
  • ১৯ নভেম্বর ২০২৬
অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে নতুন দুই বিভাগের অনুমোদন
  • ১৯ নভেম্বর ২০২৬
বিমানে ৭০০ পাইলটসহ সাড়ে চার হাজার জনবল প্রয়োজন হবে
  • ১৯ নভেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ে ৬ অনুষদের অধীনে ১০ বিভাগ খোলার অনুমোদন…
  • ১৯ নভেম্বর ২০২৬
চাপাতি হাতে আ. লীগ নেতাকর্মীদের মিছিল, থমথমে গোপালগঞ্জ—বিএন…
  • ১৯ নভেম্বর ২০২৬
ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ
  • ১৯ নভেম্বর ২০২৬