ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ © টিডিসি ফটো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই কর্মকর্তাকে মারধর করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মারধরের শিকার দুই কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস এবং আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে একজনের বিষয়ে ভুল বুঝতে পেরে তার কাছে দুঃখ প্রকাশ করেছেন তারা। এছাড়াও প্রশাসন ভবনের গোপনীয় শাখার একটি কক্ষের দরজা ভাঙচুর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা গেছে, এদিন দুপুরে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের ভেতরে ঢুকে যায়।
মিছিলে শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ ও সদস্য সচিব রাফিজ আহমেদ, সাবেক আহবায়ক সাহেদ আহম্মেদ সহ কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা প্রশাসন ভবনের প্রতিটি তলায় স্লোগান দিয়ে মিছিল করেন।
একপর্যায়ে ভবনের দ্বিতীয় তলায় নিজ অফিস কক্ষে উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাসকে দেখতে পেয়ে তার ওপর চড়াও হন ছাত্রদলের নেতাকর্মীরা। মারধরের সময় চন্দনের ঠোঁট কেটে যায় এবং পরনের শার্ট ছিঁড়ে যায়।
সেখান থেকে ভবনের তৃতীয় তলায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের করিডোর প্রদক্ষিণ করে বেরিয়ে আসার সময় আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান কেও মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় তার পা কেটে যায় এবং মাথায় আঘাত লাগে। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।
এ বিষয়ে চন্দন কুমার দাস বলেন, ‘তারা মিছিল নিয়ে যাওয়ার সময় আমি ভাত খেতে বসেছিলাম। এ সময় তারা হঠাৎ আমার কক্ষে ঢুকেই অকথ্য গালিগালাজ করে আমার উপর হামলা করেন। এতে আমার ঠোঁট কেটে যায় এবং পরনের টি-শার্ট ছিঁড়ে যায়। আমি দীর্ঘদিন এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি। তারা কেন আমার সাথে এমন করল, আমি জানি না।’
আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান বলেন, ‘আমি একটি কাজে ট্রেজারার স্যারের অফিস থেকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের দিকে যাচ্ছিলাম। এ সময় তাদের কয়েকজন ধর শালাকে বলে হঠাৎ আমার ওপর হামলা করে। কোনো রকমে তাদের হাত থেকে ছুটে তিনতলার একটি কক্ষে গিয়ে আশ্রয় নিই। মারধরে আমার পা কেটে যায় এবং মাথায়ও আঘাত লাগে। পরে মেডিকেলে চিকিৎসা নিয়েছি।’
আরও খবর: মাউশির কর্মচারী নেতা অহিদুরকে ঘিরে সক্রিয় সিন্ডিকেট, বদলি-এমপিও-বকেয়া ছাড়ে অর্থ লেনদেনের অভিযোগ
আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসানকে মারধরের ঘটনাটি ভুলবোঝাবুঝি থেকে হয়েছে জানিয়ে পরবর্তীতে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের উপস্থিতিতে তার কাছে দুঃখ প্রকাশ করেছে ছাত্রদলের নেতারা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘চন্দন দাস একজন ফ্যাসিস্ট, সে বিভিন্ন সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাথে যোগাযোগ করে। আমাদের কাছে তথ্য রয়েছে, সে ছাত্রলীগকে অর্থের যোগান দিয়ে ভাটই বাজারে শিক্ষার্থীদের বাসে হামলায় সহযোগিতা করেছে।’
এছাড়া চন্দন আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং ক্যাম্পাসের আওয়ামী পন্থীদের সঙ্গেও নিয়মিত বৈঠক করেন অভিযোগ করে তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের ব্যাপারে ছাত্রদল সবসময় জিরো টলারেন্স নীতিতে থাকবে, কোন ছাড় হবে না।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘মারধরের বিষয়টি আমি শুনেছি, ব্যক্তিগতভাবে খোঁজ-খবর নিয়েছি। ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’