বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে

ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১০ PM
আহত কর্মচারী মো. ময়নুল ইসলাম ও শাখা ছাত্রদল নেতা রিফাত হোসেন রাফি

আহত কর্মচারী মো. ময়নুল ইসলাম ও শাখা ছাত্রদল নেতা রিফাত হোসেন রাফি © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নেতার নাম রিফাত হোসেন রাফি। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের অফিসকক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

মারধরের শিকার দুই কর্মচারী হলেন—হলের নিম্ন অধীনস্থ কর্মচারী সদস্য মো. ময়নুল ইসলাম এবং সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান।

জানা গেছে, অভিযুক্ত রাফির একটি অফলাইন অ্যাডমিট কার্ড বৃহস্পতিবার হল প্রভোস্টের স্বাক্ষরের জন্য পাঠানো হয়। তবে রোববার পর্যন্ত স্বাক্ষরিত কার্ডটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়নি। এ নিয়ে কর্মচারীদের সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আহত কর্মচারী মো. ময়নুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার বর্ণনা দিয়ে সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান বলেন, ‘ঘটনার দিন আমি ও ময়নুল দাপ্তরিক কাজ করছিলাম। এ সময় ছাত্রদল নেতা রাফি হঠাৎ ময়নুলের ওপর চড়াও হন এবং তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ঘুষি মারেন। আমি তাঁকে বাঁচাতে গেলে রাফি আমাকেও আঘাত করেন।’

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রিফাত হোসেন রাফি বলেন, ‘হলের কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান ও ময়নুল ইসলাম দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা নিয়ে তাঁদের কাছে গেলেও যথাসময়ে সমাধান পান না। এর ধারাবাহিকতায় আমার একটি অফলাইন অ্যাডমিট কার্ড বৃহস্পতিবার প্রভোস্ট স্বাক্ষর করার পরও রোববার পর্যন্ত বিভাগে পাঠানো হয়নি। পরে এ বিষয়ে জানতে চাইলে সঙ্গে সঙ্গেই কার্ডটি দিয়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘হলের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে জবাবদিহি চাইতে আমি ও অন্য শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়েছিলাম। এ সময় এক শিক্ষার্থী সার্টিফিকেটে স্বাক্ষরের জন্য প্রায় চার ঘণ্টা অপেক্ষা করছিলেন। এসব বিষয়ে জবাবদিহি চাওয়ায় এখন আমার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

রাফি আরও দাবি করেন, ‘সেখানে হল প্রভোস্ট ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে পারবেন, সেখানে কোনো মারামারি বা হাতাহাতির ঘটনা ঘটেনি।’

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার বলেন, ‘আমরা আহত কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং কিছু ওষুধ সরবরাহ করেছি। পরবর্তীতে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশিদ বলেন, ‘ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যকে অবহিত করা হয়েছে। প্রক্টরও ঘটনাস্থলে এসেছিলেন। হলের পক্ষ থেকে আগামীকাল একটি সভা ডাকা হয়েছে। সভায় তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এখানে দুটি বিষয় রয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। প্রকৃত ঘটনা কী, তা আমরা এখনই বলতে পারছি না। কারণ, ঘটনার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম না। তাই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হবে। যাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তিনি লিখিত অভিযোগ দিলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

আহত কর্মচারীর শারীরিক অবস্থার বিষয়ে প্রভোস্ট বলেন, ‘আমি তাঁর খোঁজখবর নিয়েছি। তিনি হাসপাতালে রয়েছেন। বর্তমানে তাঁর ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসক আসার পর তাঁর পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। হল প্রভোস্টকে তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে। হল প্রশাসনের সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
  • ১৬ নভেম্বর ২০২৬
আলোচনার কথা থাকলেও এজেন্ডা থেকে ‘উধাও’ গার্মেন্টস ইস্যু!
  • ১৬ নভেম্বর ২০২৬
অস্বস্তি নিয়েই চা বিরতিতে বাংলাদেশ
  • ১৬ নভেম্বর ২০২৬
হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পাল্টা চ্য…
  • ১৬ নভেম্বর ২০২৬
জেনেশুনেই প্রাথমিকের শিক্ষক হয়েছি, বেতন-গ্রেড নিয়ে আফসোস কর…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতিসংঘ মিশনে দায়িত্ব বণ্টন নিয়ে টানাপোড়েন, বিব্রত সরকার
  • ১৬ নভেম্বর ২০২৬