ভাতিজাকে ‘চোর’ আখ্যা দিয়ে ‘প্যারালাইজড’ ভাইকে মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ PM
ভাতিজাকে ‘চোর’ আখ্যা দিয়ে ‘প্যারালাইজড’ ভাইকে মারধর

ভাতিজাকে ‘চোর’ আখ্যা দিয়ে ‘প্যারালাইজড’ ভাইকে মারধর © সংগৃহীত ও সম্পাদিত

ভোলার চরফ্যাশনে পৈতৃক বিরোধের জেরে চোর আখ্যা দিয়ে নিজ ভাই ও তার পরিবারের সদস্যদের মারধর, বাড়িঘর ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এসএস পাইপ দিয়ে মারধর এবং ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ১৪ নভেম্বর উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ফরিদাবাদ গ্রামের ছাদেক মাঝী বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন—শেখ ফরিদ, তার স্ত্রী নুরনাহার এবং ছোট ছেলে রাসেল। অভিযুক্তরা হলেন শেখ ফরিদের ছোট ভাই মো. কাশেম এবং তার ছোট ছেলে জসিম। শেখ ফরিদ ছাদেক মাঝীর বড় ছেলে।

ভুক্তভোগী পরিবারের বিবরণ অনুযায়ী, গত ১৪ তারিখ রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ বাইরে থেকে ‘চোর এসেছে, চোর এসেছে’ বলে চিৎকার শোনা যায়। এই চিৎকার শুনে শেখ ফরিদ ও তার স্ত্রী নুরনাহার তাদের ঘুমন্ত ছোট ছেলে রাসেলকে জাগিয়ে তুলে গরু ও মুরগির ফার্মটি দেখতে বাইরে পাঠান। রাসেল মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে খামারে গিয়ে দুই চাচা কাশেম ও জসিমকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি স্বাভাবিকভাবেই তাদের কাছে চোরের বিষয়ে জানতে চাইলে উল্টো তাকেই ‘চোর’ আখ্যা দেওয়া হয়।

কোনো কিছু বুঝে ওঠার আগেই রাসেলের ওপর চড়াও হন অভিযুক্তরা। অভিযোগ রয়েছে, এসএস পাইপ দিয়ে তাকে নির্মমভাবে পেটানো হয় এবং বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। এই হামলায় জসিমের স্ত্রী, কাশেমের স্ত্রী এবং কাশেমের মেয়ে মুক্তাও অংশ নেন।

এ সময় প্যারালাইজড শেখ ফরিদকেও মারধর করা হয়েছে। আঘাতে তার মাথা ফেটে যায়। একই সাথে বেধড়ক মারধর করা হয় রাসেলের মা নুরনাহারকেও।

পরে স্থানীয়রা উদ্ধার করে ভুক্তভোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুই দিন পর্যবেক্ষণে রাখার পর আহতদের অবস্থার অবনতি হলে তাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (নিন্স) রেফার করা হয়। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ অনুযায়ী, শারীরিক নির্যাতনের পাশাপাশি ভুক্তভোগীদের বসতঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। খামার থেকে অনেকগুলো মুরগি লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘরের বাক্সের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়। স্বর্ণালংকার লুটের ঘটনায় কাশেমের মেয়ে মুক্তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এমনকি পরিবারটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও বাড়িতে ও মুরগির খামারে দফায় দফায় লুটতরাজ চালানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান অভিযুক্ত ও শেখ ফরিদের ছোট ভাই মো. কাশেম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তাদের বিরুদ্ধে যে হামলার অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয় এবং এ ধরনের কোনো ঘটনা বা মারধরের মতো কোনো পরিস্থিতি ঘটেনি। মূলত জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মো. কাশেম বলেন, এর আগে চার দিন আগে আমাদেরকে মারধর করেছে। চার দিন পরে হাসপাতাল থেকে আসছি। ওই সময়ে পাঁচ দিনের দিন মুরগি জবাই করে মানুষকে দেখায় যে তাকে মারধর করেছি। আমাদের লোকদের মেরে হাসপাতালে শুইয়ে রেখে এখন রং করে হাসপাতালে ভর্তি হয়েছে।

তিনি বলেন, যদি তাদের জমির কাগজপত্র থাকে, ঝামেলা না করে বসে মীমাংসা করতে চাই। আমরা ঝামেলার মধ্যে নাই। কিন্তু রাতে তার ছেলে নারকেল পাড়তে গেছে, আমার ছেলে ওকে ডাক দিয়েছে। সে দৌঁড়ে চলে গিয়েছে। আর আমার স্ত্রী আমাকে বেরই হতে দেয়নি।

এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা সুনির্দিষ্ট করে নিশ্চিত করতে পারেননি দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলম চৌধুরী। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভুক্তভোগীরা অভিযোগ জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬
সংসদে সব দলকে নিয়ে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহম…
  • ১৮ নভেম্বর ২০২৬
এএফএর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি!
  • ১৮ নভেম্বর ২০২৬
ভাতিজাকে ‘চোর’ আখ্যা দিয়ে ‘প্যারালাইজড’ ভাইকে মারধর, ভাঙচুর…
  • ১৮ নভেম্বর ২০২৬
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬
চীনা বিজ্ঞানীদের যুগান্তকরী আবিষ্কারে টাক মাথায় গজাবে চুল, …
  • ১৮ নভেম্বর ২০২৬