প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হচ্ছে © সংগৃহীত
ভোলার দৌলতখানে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ চরপাতা বড় মাদরাসার ৭০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মাদরাসাটির প্রায় ৯০০ জন প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) উপজেলার কাজিরহাটের চৌধুরী মিয়ার হাটসংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত পর্যন্ত। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
আয়োজক সূত্রে জানা যায়, মাদরাসাটির আলেম, ফাজেল, আবনা ও হাফেজ বিভাগের সাবেক শিক্ষার্থীদের তিনটি পর্বে পাগড়ি প্রদান করা হয়। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা। তাদের কাছে এ আয়োজন হয়ে ওঠে পুরোনো স্মৃতি, প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনের এক বিশেষ উপলক্ষ।
মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কুরাইশী কাসেমী। বিশেষ অতিথি ছিলেন সিলেটের শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শায়েখ হাসান জামিল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকার জামিয়া তালিমিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা হাফিজুর রহমান (কুয়াকাটা), যাত্রাবাড়ীর জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুফতি ও মুহাদ্দিস রেজাউল করিম আবরার এবং বসুন্ধরা এ কে ব্লক মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসাটির মহাপরিচালক মাওলানা মো. ওমর ফারুক।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে দ্বীনি শিক্ষার প্রসার এবং পবিত্র কোরআন-সুন্নাহর অনুসরণ অপরিহার্য। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলা এবং দ্বীনি শিক্ষার ঐতিহ্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
পাগড়ি পাওয়া প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, বহু বছর আগে মাদরাসার পাঠ শেষ করলেও প্রিয় শিক্ষকদের আমন্ত্রণে আবারও প্রতিষ্ঠানে ফেরার সুযোগ তাদের জন্য আনন্দ ও গর্বের। সম্মাননা হিসেবে পাগড়ি গ্রহণ তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অর্জিত ধর্মীয় শিক্ষা মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
সম্মেলনে অংশ নেওয়া মুসল্লিদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সার্বিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক ক্যাম্প, জরুরি চিকিৎসাসেবায় মেডিকেল ক্যাম্প স্থাপনসহ অজু, ইস্তিঞ্জা ও নামাজের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়।