কুবি শিক্ষার্থী নাজমুল © সংগৃহীত
না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নাজমুল হাসান কুমিল্লা শহরের মনোহরপুর এলাকার সোনালী মসজিদ গলির একটি মেসে থাকতেন।
জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে হঠাৎ বমি ও তীব্র বুকে ব্যথা অনুভব করেন নাজমুল। পরে তাঁকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
নাজমুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর বন্ধুরা। তাঁর বন্ধু জয়নাল আবেদীন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বন্ধু তুই ভালো থাকিস পরপারে।’
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। সে সদ্য মাস্টার্স শেষ করেছে। রেজাল্টও হয়ে গেছে, এখন চাকরির প্রিপারেশন নিচ্ছিলো। সে তার অসুস্থতার বিষয়গুলো একটু হাইড করতো। কিছু বন্ধুবান্ধব জানতো।’
তিনি আরও বলেন, ‘রাতে খবর শুনার পরে আমি শকড হয়ে গেছি। এটা খুবই কষ্টদায়ক।’