ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি © সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বহুল প্রতীক্ষিত পঞ্চম সমাবর্তন আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন (ইভিনিং) ডিগ্রিসম্পন্ন করা শিক্ষার্থীরাও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ উপলক্ষে আগামী ১০ নভেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে সমাবর্তনের অনলাইন রেজিষ্ট্রেশন পোর্টালের (https://convocation.iu.ac.bd) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের কষ্টার্জিত সনদ আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তুলে দেওয়ার এই উদ্যোগের রেজিস্ট্রেশন ট্রায়াল ইতোমধ্যে শুরু হয়েছে। এই পোর্টাল উদ্বোধনের মধ্যে দিয়ে আগামী ২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য সমাবর্তনের ক্ষেত্রে আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলাম। সান্ধ্যকালীন প্রোগ্রাম থেকে অর্জন করা সনদও যেহেতু বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃত একটি সনদ, তাই শিক্ষার্থীদের হকের কথা বিবেচনা করে গতকালের সভায় আগামী সমাবর্তনে তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী করা হয়েছে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ছবি আপলোডসহ পুরো অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে সহজ করা হয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগের ফলাফল প্রকাশের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেশন সংক্রান্ত নীতিমালায় নমনীয়তা আনা হয়েছে, যাতে বেশিসংখ্যক যোগ্য শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিতে পারেন। প্রথমে মাস্টার্সের ক্ষেত্রে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত ধরলেও অনেক বিভাগের ২০২২-২৩ সেশনের মাস্টার্স প্রোগ্রামের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। অনেক বিভাগ বঞ্চিত হবে বিধায় এটি সংশোধন করে ২০২২-২৩ সেশনকে শেষ সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ ও আইসিটি সেলের কর্মকর্তা কর্মচারীরা। পোর্টাল উদ্বোধনের পর ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর প্রথম রেজিষ্ট্রেশনের মধ্যে দিয়ে পোর্টালের যাত্রা শুরু হয়।