অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান © সংগৃহীত
আগামী বছরের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন। সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও আধুনিক প্রযুক্তিনির্ভর করতে একটি পূর্ণাঙ্গ অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের (https://convocation.iu.ac.bd) উদ্বোধন করা হয়েছে। আগামী ১০ নভেম্বর থেকে পোর্টালটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে অনলাইন পোর্টাল উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। পোর্টাল উদ্বোধনের পর ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর প্রথম রেজিষ্ট্রেশনের মধ্যে দিয়ে পোর্টালের যাত্রা শুরু হয়৷
এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. সরফরাজ নেওয়াজ ও আইসিটি সেলের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, সমাবর্তনের রেজিষ্ট্রেশন করার ক্ষেত্রে এই অনলাইন পোর্টালে দুটি অংশ রয়েছে। প্রথমে শিক্ষার্থীদের নাম, রোল নাম্বার, সেশন, মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস প্রদান করে একটি একাউন্ট খুলতে হবে। দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন Start Now বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। সেখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যাদি এবং বিভিন্ন সনদের কপি, নিজের ছবি, গাউন সাইজ ও কয়জন গেস্ট উপস্থিত থাকবেন সেই তথ্য দিতে হবে। এরপরে পেমেন্ট অপশনে যেয়ে অনলাইন মোবাইল ব্যাংকিং এবং বাংলা কিউআর এর মাধ্যমে ফি পরিশোধ করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। অনলাইন ব্যাংকিংয়ে ফি পরিশোধে ১.৫% চার্জ প্রযোজ্য হবে।
রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, ‘দীর্ঘ প্রতিক্ষার পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আয়োজিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সহজ করণের লক্ষ্যে এই অনলাইন রেজিষ্ট্রেশন পোর্টাল প্রস্তুত করা হয়েছে। আজকে উদ্বোধনের পর ৮ এবং ৯ তারিখ দুই দিন কিছু ডাটা আমরা টেস্ট ইনপুট করবো। ট্রায়াল শেষে আগামী ১০ তারিখ থেকে পোর্টালটি আমরা সবার জন্য উন্মুক্ত করে দেব।’
পোর্টাল উদ্বোধন করে ইবি উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের সবচেয়ে প্রাণের দাবি হলো যে সমাবর্তন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের কষ্টার্জিত গ্রহণ করা এবং প্রত্যেক শিক্ষার্থীকে একটি সনদ দেওয়া। এই পোর্টাল উদ্বোধনের মধ্যে দিয়ে আগামী ২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য সমাবর্তনের ক্ষেত্রে আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলাম। যারা কষ্ট করে এই কাজটি করেছেন, আপনাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’
রেজিস্ট্রেশনের একটি পর্যায়ে সংশোধনীর পরামর্শ দিয়ে ইবি উপাচার্য বলেন, ‘রেজিস্ট্রেশনে শিক্ষার্থীর ছবি আপলোডের ক্ষেত্রে ছবির যে পরিমাপ আপনারা দিয়েছেন, আমার ধারণা এটি যখন ফরমালি লঞ্চ হয়ে সবার জন্য উন্মুক্ত হবে, তখন অনেকেই সেই ছবিটা সাইজ অনুযায়ী আপলোড করতে গিয়ে সমস্যায় পড়বেন। শিক্ষার্থীরা যেহেতু দেশের বিভিন্ন জায়গায় চলে গেছে এবং অনেকে হয়তো প্রযুক্তিগত ভাবে সমান দক্ষ না, তাদের কথা বিবেচনায় রেখে প্রক্রিয়াটি আরও সহজ করার অনুরোধ জানাই।’