জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার (২০ সেপ্টেম্বর)। পরীক্ষা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষার সময় নির্ধারিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।
প্রথমদিনে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ আবশ্যিক বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ অক্টোবর শেষ পরীক্ষার মধ্য দিয়ে প্রথম বর্ষের পরীক্ষা শেষ হবে।
এর মধ্যে ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন করে ২৪ সেপ্টেম্বর দেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, কলেজের অধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। পরীক্ষা শুরুর অন্তত তিনদিন আগে প্রবেশপত্র বিতরণ শেষ করতে হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।
পরীক্ষার হলে হাজিরা দেওয়ার সময় পরীক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে।
পরীক্ষাসংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জরুরি তথ্যের জন্য পরীক্ষার্থীদের প্রতিদিন অন্তত তিনবার সকাল, দুপুর ও রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষাসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।