অফিস থেকে শিক্ষার্থীরা বের করে দেওয়ার ৩ দিন পর জবি ডিনের পদত্যাগ

১৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৫:১৫ PM
অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম

অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম © সংগৃহীত ও সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম পদত্যাগ করেছেন। রবিবার (১৯ জুলাই) তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ড. আইনুল ইসলামকে ঘিরে শিক্ষার্থীদের একাংশের প্রতিবাদ, বিক্ষোভ ও অপসারণের দাবিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের পরপরই তাঁর জুলাই আন্দোলনকালীন ভূমিকা নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের একটি অংশ আপত্তি তোলে এবং উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে।

গত ১৬ জুলাই সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের একাংশ তাঁকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে ডিন পদ থেকে অপসারণের দাবি জানান। কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীদের চাপের মুখে ডিন কার্যালয় ত্যাগ করেন ড. আইনুল ইসলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ড. আইনুল ইসলামকে ঘিরে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রশাসন শিক্ষকদের প্রতি ভীতি প্রদর্শন, হেনস্তা বা বিচারবহির্ভূত আচরণের বিরোধিতা করে সমস্যার প্রাতিষ্ঠানিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।

প্রশাসনের বক্তব্যে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং শিক্ষার্থীদের ন্যায়সংগত অনুভূতির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে কোনো অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথাযথ তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুসরণ করা হবে।

উল্লেখ্য, ড. আইনুল ইসলামের নিয়োগের পর থেকেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন শুরু হয়। সর্বশেষ তাঁর পদত্যাগের মধ্য দিয়ে বিষয়টি নতুন মোড় নিয়েছে। 

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে।

আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬
২ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
  • ১৪ অক্টোবর ২০২৬
আত্মীয়তার সম্পর্কগুলো কী ম্লান হচ্ছে? 
  • ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬