দুই মাস নেই ট্রেজারার, নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পালন করছেন ট্রেজারারের দায়িত্ব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ট্রেজারার পদটি প্রায় দুই মাস ধরে শূন্য রয়েছে। গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে অব্যাহতি দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে এখন পর্যন্ত এ পদে নতুন কোনো নিয়োগ দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় আইনে প্রো-ভিসি পদ না থাকায় উপাচার্যের পর ট্রেজারারই প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্বও পালন করেন ট্রেজারার। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন পদটি শূন্য থাকায় আর্থিক ও প্রশাসনিক বিভিন্ন কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে এবং নিয়মিত প্রশাসনিক কাজেও জটিলতা তৈরি হচ্ছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১২(৫) ধারায় বলা হয়েছে, ‘ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের তহবিলের সার্বিক তত্ত্বাবধান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের অর্থসংক্রান্ত নীতি সম্পর্কে ভাইস-চ্যান্সেলর, সংশ্লিষ্ট কমিটি, ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট সংস্থাকে পরামর্শ প্রদান করবেন।’ এ আইনের ২৮ (১) ধারা অনুযায়ী ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভাপতিও। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ট্রেজারার।

এ বিষয়ে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রাজু আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করেন ট্রেজারার। বর্তমানে ট্রেজারার না থাকায় সেই দায়িত্ব উপাচার্য পালন করছেন। কিছু বিষয় অর্থ দপ্তর থেকে নিষ্পত্তি করা সম্ভব হলেও সকলক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যায় না, কিছুক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। উপাচার্যের অন্যান্য প্রশাসনিক ব্যস্ততার কারণেও অনেক সময় আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে কিছুটা বিলম্ব হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ট্রেজারার না থাকায় অতিরিক্ত দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে। ফলে কিছুটা প্রশাসনিক চাপ ও জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছি। আমি প্রশাসনিক দায়িত্বের বিকেন্দ্রীকরণে বিশ্বাসী, যাতে সবার ওপর কাজের চাপ কমে। তবে ট্রেজারার নিয়োগ আমার এখতিয়ারের বিষয় নয়, এটি সরকারের সিদ্ধান্ত। সরকার অবশ্যই এ বিষয়ে এগোচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান বলেন, ট্রেজারার নিয়োগ দেওয়ার কোনো সুযোগ ইউজিসির নেই। এটি মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগ হয়। সরকার প্রয়োজন মনে করলে যথাসময়ে ট্রেজারার নিয়োগ দেওয়া হবে।

আজ থেকে একাদশে ভর্তি শুরু, লাগবে যেসব কাগজপত্র
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রপাতসহ ভোর থেকে তুমুল বৃষ্টি, স্বস্তির সঙ্গে ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘তারে পাইলে হাজার দুঃখ-কষ্টেও শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক এসআইয়ের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ফাইনালের পথে ফের ভারত বাধা, আজ মাঠে নামছে জ্যোতিরা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬