© টিডিসি ফটো
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত উচ্চশিক্ষাস্তরে পুস্তক প্রকাশ এবং গ্রণ্থ’স্বত্ব সর্ম্পকে তিন বিশ্ববিদ্যালয়ের তিনজন জ্যেষ্ঠ শিক্ষকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।বুধবার (২৪ জুলাই ২০১৯) ইউজিসি মিলনায়তনে এ চুক্তি সম্পাদিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, উচ্চশিক্ষায় মানসম্মত পুস্তক প্রণয়নে ইউজিসি’র সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। মানসম্মত পুস্তক প্রণয়নে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান।
চুক্তিপত্রে ইউজিসি সচিব ড. মো. খালেদ এবং কণা পরিচিতি গ্রণ্থের লেখক অধ্যাপক এ কে এম মঈনুল হক মিয়াজী, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস গ্রণ্থের লেখক অধ্যাপক ড. এম আবদুস সামাদ এবং পাবনার ঐতিহাসিক ইমারত গ্রণ্থের লেখক অধ্যাপক ড. আয়েশা বেগম স্বাক্ষর করেন।
উল্লেখ্য, অধ্যাপক এ কে এম মঈনুল হক মিয়াজী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগ, অধ্যাপক ড. এম আবদুস সামাদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং অধ্যাপক ড. আয়েশা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে কর্মরত।