চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় অবস্থিত চালন্দা গিরিপথে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী। এসময় রামদার আঘাতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুর একটার দিকে গিরিপথ থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, যোগাযোগ ও সাংবাদিকতা এবং অপরাধ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের উপর হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার, ২৫টি মোবাইল, হাতঘড়িসহ নগদ প্রায় বিশ হাজার টাকা ও ব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা।
হামলায় আহত শিক্ষার্থীরা হলেন— নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আনওয়ার হোসেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আল-আমিন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মনির এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সৌরভ ও স্বচ্ছ।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা অন্তত ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দুই রাউন্ড গুলি করে। তাদের কাছে তিনটি বন্দুক ও প্রায় ছয়টি রামদা ছিল।
আহত এক শিক্ষার্থী বলেন, ফেরার পথে গিরিপথ দিয়ে পাহাড়ে উঠে গিরিপথে ঢোকার মুখে ওঁৎ পেতে থাকা কয়েকজন গুলি করতে থাকে। তাদের হাতে রামদা ছিল। আমাদের মোবাইলসহ সব কেড়ে নিয়েছে। কারো সাথে যোগাযোগ করতে পারিনি। অসহায় অবস্থায় আহতদের কোনোমতে কাঁধে করে নিয়ে আসি আমরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, আমরা এ বিষয়ে জেনেছি। পুলিশের সাথেও কথা হয়েছে। ভুক্তভোগীদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।