ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে সেশনজট নিরসন, ত্রুটিমুক্ত ফল প্রকাশ, স্বতন্ত্র প্রশাসনিক ভবনসহ পাঁচ দফা দাবিতে আমরণ আমরণ অনশনে বসা ঢাকা কলেজের চার শিক্ষার্থী অনশন ভেঙেছেন। প্রায় ১২ ঘন্টা পর অনশন ভাঙলেন তারা।
মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ নেহাল আহমেদ তাদের মুখে জুস তুলে আশ্বাস দিয়ে অনশন ভাঙান। এসময় তিনি জানান, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সাত কলেজ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এবং উনার (শিক্ষামন্ত্রী) পক্ষ হয়ে তিনি এসেছেন।
এর আগে ফলাফল পুনরায় মূল্যায়ন, গণফেলের কারণ অনুসন্ধান, ৭ কলেজর জন্য আলাদা প্রশাসন চালু, সাত কলেজে ঢাবির নিয়মিক মনিটরিং ও পরীক্ষার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল ঘোষণার দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা কলেজের প্রধান ফটকে আমরণ অনশনে বসেন ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী। পরে সন্ধ্যায় আরও একজন যোগ দেয় তাদের সঙ্গে।
আমরণ অনশনে যাওয়া শিক্ষার্থীরা হলেন-ঢাকা কলেজের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র আবু নোমান রুমি, ইংরেজি বিভাগের ছাত্র ২০১৬-১৭ সাকিব, ২০১৭-১৮ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও ২০১৫-১৬ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ রায়হান।