জবিতে ২৯৮ কোটি টাকার বাজেট পাস

৩০ জুন ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৯:০৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ২৯৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকার মূল বাজেট এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের ১৭৯ কোটি ৯ লক্ষ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেট সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (বিশেষ) সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বাজেটের বিস্তারিত উপাত্ত উপস্থাপন করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে গবেষণাখাতে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ৩ লক্ষ টাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ২৫ লক্ষ, অন্যান্য অনুদান খাতে ৫৮ কোটি ২১ লক্ষ, যন্ত্রপাতি খাতে ৪ কোটি ৯২ লক্ষ, যানবাহন খাতে ৩ কোটি, তথ্য ও প্রযুক্তি খাতে ১ কোটি ৭০ লক্ষ এবং অন্যান্য মূলধন খাতে ৮০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন: আস-সুন্নাহর আবাসন সুবিধা পাবেন জবির নবীন ৫০০ শিক্ষার্থী

এ ছাড়াও বেতন-ভাতা খাতে ১২৮ কোটি ৬০ লক্ষ টাকা এবং পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি বাবদ ৫৬ কোটি এবং অস্থায়ী হল নির্মাণের জন্য ২৪ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উন্নয়ন প্রকল্প বাজেটে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১,৭৪৬ কোটি ৬ লক্ষ ৩১ হাজার টাকা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৮৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থ বছরের মূল বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৩৮৯ কোটি ৬০ লক্ষ ৮৫ হাজার টাকা।

সভার শেষাংশে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সেনাবাহিনীর মাধ্যমে ২য় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন এবং বাজেট অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের ধন্যবাদ জানান এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় চলমান প্রকল্প ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬