বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। © ফাইল ফটো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) মনোবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম (আজাদ)। গত ২০মার্চ বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রফেসর ড. মো. নুরউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ এ নিয়োগ দেওয়া হয়।
রেজিস্টার অফিস সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুহাম্মদ রবি উল্লাহর স্থলে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম ( আজাদ) কে মনোবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
নতুন চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আবুল কালাম (আজাদ) বলেন, ‘বাংলাদেশের মহান স্থপতি জাতির জনকের নামাঙ্কিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে আমাকে মনোনীত করায় মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাইস চ্যান্সেলর স্যারের নির্দেশ মোতাবেক মনোবিজ্ঞান বিভাগকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞা বন্ধ।
নবনির্বাচিত চেয়ারম্যান আরো বলেন, বর্তমানে শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে বিপথগামী ও হতাশায় আত্মহত্যা করছে এ থেকে শিক্ষার্থীদের উত্তরণের ক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা অপরিসীম। আশা করি মনোবিজ্ঞান বিভাগের সকল শিক্ষক- শিক্ষার্থী মিলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ গঠনে সচেষ্ট থাকবো। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”