দুর্ঘটনাস্থলে আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০ মার্চ ২০১৯, ১২:৩০ PM

© সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত আবরারের নামে একটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার সকালে ওই স্থানটিতেই বাসের চাপায় প্রাণ হারার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী।

ফুটওভার ব্রিজ উদ্বোধনের পর মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা আবরারের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করছি। ছাত্রদের দাবি অনুযায়ী আমরা প্রগতি সরণিতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছি। সেটি আজকে উদ্বোধন করছি।’

তিনি বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নেওয়ার মতো না। আগামী দুই মাসের মধ্যে এটি চালু হবে। ব্রিজটি আমরা আবরারের নামে করেছি।’

তিনি আরো বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। দুই সিটি কর্পোরেশনের একটি সম্মিলিত মিটিং আছে। নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও বাস থামানো হলে ব্যবস্থা নেব। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুজন করে করে প্রতিনিধি নিয়ে একটি ছাত্র কাউন্সিল করে আমাদের সঙ্গে বৈঠকে বসে সুপারিশ করেন।’ নতুন প্রজন্মকে নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

মেয়র বলেন, ‘আমরা চাই, রাস্তায় আর যাতে কোন শিক্ষার্থীকে অনাকাঙ্ক্ষিত জীবন দিতে না হয়। অতি জরুরি ভিত্তিতে যেসব স্থানে ফুটওভার ব্রিজ দরকার সেটা চিহ্নিত করতে ডিএমপিকে অনুরোধ করছি।’

এসময় শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে এবং অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ছাত্রদের আমি অনুরোধ করছি তোমরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও। তোমাদের দাবিগুলো আমি লিখিত আকারে পেয়েছি। এর মধ্যে যেগুলো সম্ভব এখনই বাস্তবায়ন করছি। বাকিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।’

এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেকোন মূল্যে বেপরোয়া যান চলাচল বন্ধ করে দিতে হবে। দুই-একদিনের মধ্যে আপনারা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাবেন। মেট্রোরেলসহ আমাদের কিছু প্রকল্পের কাজ চলছে। যে কারণে যানজট কিছুটা বেড়ছে।’

এগুলো শেষ হলে সড়কে শৃঙ্খলা অনেকটা ফিরে আসবে জানিয়ে তিনি আরো বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রী অসুস্থ হয়ে চিকিৎসাধীন। তিনি ফিরে এলেই বাকি পদক্ষেপ নেওয়া হবে। দুই মেয়রও এ বিষয়ে কাজ করছেন।’

পথচারীদেরও নিয়ম মেনে চলার আহবান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘পথচারীরা আইন মানতে চায় না, এটা আমাদের একটা বড় সমস্যা। জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে রাস্তা পারাপার বন্ধ করতে হবে। সময় দিন, আমরা কাজ করছি। এখনো আমাদের যেতে হবে অনেকদূর। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

ঘাতক চালকের বিচারের দাবির বিষয়ে তিনি বলেন, ‘ঘাতক চালকের বিচার করতেই হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার সর্বোচ্চ বিচার হবে। ইতোমধ্যে এ ঘটনায় ঘাতক বাস চালক সিরাজুল (২৯) আটক করাও হয়েছে।’

মঙ্গলবার সকালে প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় আবরার আহমেদ চৌধুরী নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এঘটনায় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে ফের রাজপথে নামে।

স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বরখাস্ত শিক্ষক
  • ১৭ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল
  • ১৭ এপ্রিল ২০২৬
অবশেষে মিলল রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে সিসা বারে অভিযান, ম্যানেজার আটক
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস
  • ১৭ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেলের আবাসন সংকট: লিখিত সমাধান জানাতে অধ্য…
  • ১৭ এপ্রিল ২০২৬