মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার খেরুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেন (২২) অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তিনি শিবালয় উপজেলার জগদিয়া গ্রামের কুপাত আলীর ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সকালে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে ফরিদ তার চাচাতো ভাই আকাশকে নিয়ে উপজেলার বাল্লা এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে দুপুরের দিকে খেরুপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফরিদের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় আকাশকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদের মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরো দেখুন: স্কুলেই ফেসবুক ব্যবহার করে ৩০ শতাংশ শিক্ষার্থী
আরো দেখুন: স্বতন্ত্র প্রার্থীকে রাতভর আটকে রেখে ছাত্রলীগের নির্যাতন