© লোগো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দর্শন বিভাগের এক ছাত্রীর বিরুদ্ধে ক্লাস রুটিনকে কেন্দ্র করে ক্লাসমেটকে লাঞ্ছনা ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার এই মর্মে বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইস্রাফিল আহমেদ তার ক্লাসমেট সুমাইয়া নওশীনের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী ছেলে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী ও অভিযুক্ত মেয়ে বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী শারীরিকভাবে লাঞ্ছনা, মারধর ও জীবননাশের হুমকি দেওয়ার বিচার দাবি করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান অভিযোগপত্র পেয়েছেন বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী ইস্রাফিল উল্লেখ করেন, ক্লাস রুটিনকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত ছাত্রী মারধর ও প্রাণনাশের হুমকি দেন। ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় তিনি ক্লাস শেষে ওই ছাত্রীর কাছে হুমকি প্রদানের কারণ জিজ্ঞাসা করলে তিনি ক্ষীপ্ত হয়ে জনসম্মুখে তাকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে অভিযোগকারী শিক্ষার্থী বলেন, গত ১৮ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের অনেক আগে ক্লাস অনুষ্ঠিত হয়। আমি ওইদিন যথা সময়ে ক্লাসে গিয়ে শুনি আগেই ক্লাস হয়ে গেছে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আগে ক্লাস হওয়ার ব্যাখ্যা জানতে চাই। এ নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে আমাকে গালাগাল করে ও হুমকি দেয়। পরেরদিন সুমাইয়ার কাছে হুমকি প্রদান ও গালাগালের কারণ জানতে চাই। পরে ক্লাস থেকে বেরিয়ে আসার সময় সে পেছন থেকে আমাকে আঘাত করে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রী সুমাইয়া নওশীনের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এটা তো বিভাগের ভিতরের ঘটনা। তাই আমরা তাকে বিভাগের যোগাযোগ করতে বলেছি। তারা কোন ব্যবস্থা নিলে আমরা সহযোগিতা করবো। আর যদি কোন ব্যবস্থা না নেন তখন আমরা বিষয়টা দেখবো।’
এ ব্যাপারে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর বলেন,‘আমি অফিশিয়াল ছুটিতে টাঙ্গাইলে আছি, এ ব্যাপারে আমি বিস্তারিত কিছু জানি না। তবে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে আমি অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব।’